শিরোনাম

বিএনপির সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বিএনপির সংবাদ সম্মেলন আজ
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: পিএমও

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করেছেন বিএনপি নেতৃত্বাধীন সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নানা কারণে এই বাজেট নিয়ে ছিল মানুষের ব্যাপক আগ্রহ। কারণ এটি এই সরকারের প্রথম ও দেশের ইতিহাসে সবচেয়ে বড় অঙ্কের বাজেট।

বৃহস্পতিবার (১১ জুন) বিকাল ৩টা থেকে জাতীয় সংসদ অধিবেশনে বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী।

বাজেট বক্তৃতায় তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেটাকে ধারণ করে বাজেট প্রস্তাব করা হয়েছে।

তবে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী প্রস্তাবিত বাজেটকে 'গণবিরোধী' আখ্যা দিয়েছে। এছাড়া এনসিপিও এর সমালোচনা করেছে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জাতীয় বাজেটকে ‘উচ্চাভিলাষী, বাস্তবতা-বিবর্জিত ও ঋণগ্রস্ত’ বলে অভিহিত করেছেন।

অন্যদিকে ইসলামী আন্দোলনও তাদের প্রতিক্রিয়ায় এই বাজেটের সমালোচনা করেছে।

এমন প্রেক্ষাপটে আজ শুক্রবার (১২ জুন) অর্থমন্ত্রীর সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। সেখানে বাজেট নিয়ে সমালোচনার জবাব দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, এবারের বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা দেশের ইতিহাসে সর্ববৃহৎ। ‘অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ: ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।

/জেএইচ/