শিরোনাম

রিয়ালে ফিরলেন ‘দ্য স্পেশাল ওয়ান’

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
রিয়ালে ফিরলেন ‘দ্য স্পেশাল ওয়ান’
রিয়াল মাদ্রিদের নতুন কোচ হেসে মরিনহো

আনুষ্ঠানিকতাই বাকি ছিল, সেটিও হয়ে গেলো। এক যুগ পর রিয়াল মাদ্রিদে ফিরলেন কোচ হোসে মরিনহো। এবার রিয়ালের সঙ্গে ৩ বছরের চুক্তি পর্তুগিজ এই কোচের।

নিজেদের ওয়েবসাইটে দ্য স্পেশাল ওয়ান খ্যাত মরিনহোকে কোচের দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল। রেকর্ড ১৫বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলটির সঙ্গে ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি মরিনহোর।

মরিনহোকে ফিরিয়ে আনতে পর্তুগিজ ক্লাব বেনফিকাকে প্রায় ১৫ মিলিয়ন ইউরো (১৩ মিলিয়ন পাউন্ড) ক্ষতিপূরণ দিতে হয়েছে রিয়ালকে। এর আগে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ নির্বাচনের সময়ই ইঙ্গিত দিয়েছিলেন তিনি আবার নির্বাচিত হলে মরিনহোকে ফিরিয়ে আনবেন।

মরিনহো এর আগে ২০১০ থেকে তিন মৌসুম রিয়াল মাদ্রিদে দায়িত্ব পালন করেন। সেই সময়ে তিনি ক্লাবকে লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ জেতান।

এছাড়াও চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহ্যাম হটস্পার, রোমা এবং পর্তুগালের বেনফিকাসহ একাধিক ক্লাবে কোচিং করানোর অভিজ্ঞতা আছে মরিনহোর।

বেনফিকায় তার দ্বিতীয় মেয়াদে দলটি লিগে অপরাজিত থাকলেও শিরোপা জিততে পারেনি।

এদিকে রিয়াল মাদ্রিদ গত দুই মৌসুমে কোনো বড় ট্রফি জিততে পারেনি। এমন অবস্থায় মরিনহোর প্রত্যাবর্তন কেমন পরিবর্তন আনে শিরোপা ভাগ্যে সেটি দেখার।