শিরোনাম

জনমুখী বাজেট, তবে বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ: ড. সালেহউদ্দিন আহমেদ

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
জনমুখী বাজেট, তবে বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ: ড. সালেহউদ্দিন আহমেদ
সাবেক অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে মাধ্যমে সরকার গঠনের পর এটিই বিএনপি সরকারের প্রথম বাজেট। প্রস্তাবিত এই বাজেটকে উচ্চাকাঙ্ক্ষী, জনমুখী এবং রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নের প্রতিফলন হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও অন্তর্বর্তী সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, বাজেটটি সার্বিকভাবে জনমুখী এবং মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা করা হয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাস্তবায়ন। তিনি সতর্ক করে বলেন, ঘোষিত কর্মসূচি ও প্রতিশ্রুতি বাস্তবে রূপ না পেলে মানুষের মধ্যে হতাশা সৃষ্টি হতে পারে। বাজেটের সাফল্য নির্ভর করবে এর কার্যকর বাস্তবায়নের ওপর।

সামগ্রিকভাবে বাজেটকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এটি একটি বড় ও উচ্চাভিলাষী বাজেট। নির্বাচনী অঙ্গীকার ও সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার প্রতিফলন এতে রয়েছে। বাজেটে বেশ কয়েকটি অগ্রাধিকার খাত নির্ধারণ করা হয়েছে।

বাজেটের চ্যালেঞ্জ বিষয়ে তিনি বলেন, বাজেট বাস্তবায়নের জন্য প্রয়োজন পর্যাপ্ত সম্পদ সংগ্রহ, সঠিক বরাদ্দ, কার্যকর তদারকি এবং সময়মতো প্রকল্প বাস্তবায়ন।

তিনি আরও বলেন, সরকারের উচিত অগ্রাধিকারভিত্তিক কয়েকটি গুরুত্বপূর্ণ খাত চিহ্নিত করে দ্রুত কাজ শুরু করা।

বাজেট প্রকল্প বাস্তবায়নে বিলম্ব দেখা দিলে মানুষের প্রত্যাশা পূরণ হয় না। এজন্য দ্রুত ও কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক অর্থ উপদেষ্টা।

বাজেটের আকার বড় হলেও এর সব লক্ষ্য বাস্তবায়ন করা সহজ হবে না বলে মন্তব্য করেছেন তিনি। ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জন্য নির্ধারিত রাজস্ব আহরণের উচ্চ লক্ষ্যমাত্রা, ব্যাংকিং খাত থেকে বিপুল ঋণ গ্রহণের পরিকল্পনা এবং প্রায় ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

এত বড় উন্নয়ন কর্মসূচির অর্থায়ন কোন উৎস থেকে আসবে সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ড. সালেহউদ্দিন বলেন, শুধু অর্থ বরাদ্দ করলেই হবে না, প্রকল্পগুলোতে ‘ভ্যালু ফর মানি’ নিশ্চিত করতে হবে।

আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় জাতীয় বাজেট। এটি বিএনপি সরকারের ১৭তম এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রথম বাজেট।

সূত্র: বাসস

/জেএইচ/