শিরোনাম
বাজেট ২০২৬-২৭

সবচেয়ে বেশি বরাদ্দ সামাজিক নিরাপত্তা খাতে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সবচেয়ে বেশি বরাদ্দ সামাজিক নিরাপত্তা খাতে
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

জাতীয় সংসদে বৃহস্পতিবার ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নানা কারণে এই বাজেট নিয়ে ছিল মানুষের ব্যাপক আগ্রহ। কারণ এটি এই সরকারের প্রথম ও দেশের সবচেয়ে বড় অঙ্কের বাজেট।

প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আয় ও ব্যয়ের ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ উৎস ও বৈদেশিক ঋণ ও অনুদানের ওপর নির্ভর করবে। ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়া হবে ১ লাখ ১২ হাজার কোটি টাকা এবং সঞ্চয়পত্র ও অন্যান্য উৎস থেকে ১৫ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

বাজেটের খসড়ায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, অর্থনীতি পুনরুদ্ধার, উচ্চতর প্রবৃদ্ধি অর্জন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, সামাজিক সুরক্ষা কর্মসূচির সম্প্রসারণ ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিসহ ১৩টি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

খাতভিত্তিক বরাদ্দ

সামাজিক নিরাপত্তা খাত

সামাজিক নিরাপত্তা খাতে ১ লাখ ৪৪ হাজার ৩৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ১ লাখ ২৬ হাজার ৭৩১ কোটি টাকা। এ খাতে সরকারের অগ্রাধিকার খাত হিসেবে ১৭ হাজার ৬০৭ কোটি টাকা বেশি বরাদ্দ করা হয়েছে।

শিক্ষা খাত

আগামী অর্থবছরে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন খাতে বরাদ্দ মোট জিডিপির ২ শতাংশে উন্নীত করে সর্বোচ্চ ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৮৭ হাজার ২০৬ কোটি টাকা (জিডিপির ১.৩৯ শতাংশ)।

স্বাস্থ্য খাত

স্বাস্থ্য খাতে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের (৩৫ হাজার ৪৭৭ কোটি টাকা, যা জিডিপির ০.৫৮ শতাংশ) দ্বিগুণের বেশি।

জ্বালানি ও খনিজ সম্পদ

আগামী অর্থ বছরের জন্য জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা বরাদ্ধ করেছে সরকার। যা গত ২০২৫-২৬ অর্থ বছরে ছিলো ১৬ হাজার ৯৫২ কোটি টাকা। অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন, বাজেটের প্রস্তাবিত বিভিন্ন উদ্যোগের সফল বাস্তবায়নে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে গতিশীলতা সৃষ্টিসহ সামগ্রিক অর্থনীতি পুনরুদ্ধারে ভূমিকা রাখবে।

কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাত

কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জন্য মোট ৪৩ হাজার ৩৩৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে (জিডিপির ০.৬৩ শতাংশ)। ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এই খাতে বরাদ্দ ছিল ৩৭ হাজার ১২৬ কোটি টাকা (জিডিপির ০.৬১ শতাংশ)। অর্থাৎ মৎস্য ও প্রাণিসম্পদ খাতে গত বছরের চেয়ে ৬ হাজার ২০০ কোটি টাকা বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

স্থানীয় সরকার ও গ্রামীণ উন্নয়ন

স্থানীয় সরকার ও গ্রামীণ উন্নয়নে আগামী অর্থবছরের জন্য ৪১ হাজার ৩৫২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন খাত

বেসামরিক বিমান পরিবহন খাতে আগামী অর্থবছরের জন্য ৬০ হাজার ৭৩০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এ বাবদ বরাদ্দ ছিল ৪৮ হাজার ২৯২ কোটি টাকা। ফলে এ খাতে বরাদ্দ বেড়েছে ১২ হাজার ৪১৪ কোটি টাকা।

পানি সম্পদ

পানি সম্পদ মন্ত্রণালয়ের অনুকূলে ১০ হাজার ৫৩৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জন্য আগামী অর্থবছরে ১০ হাজার ৩৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এ বাবদ বরাদ্দ ছিল ৯ হাজার ৬৯৬ কোটি টাকা। আগামী বছরের জন্য বাজেট বেড়েছে ৬৫৪ কোটি টাকা।

/বিবি/