শিরোনাম

শুধু মেসি নয়, পুরো আর্জেন্টিনা দলকে নিয়েই ভাবছে ইংল্যান্ড

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
শুধু মেসি নয়, পুরো আর্জেন্টিনা দলকে নিয়েই ভাবছে ইংল্যান্ড
লিওনেল মেসি ও জর্ডান পিকফোর্ড (ইনসেটে)। কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

দীর্ঘ ছয় দশকের বিশ্বকাপ ট্রফির খরা কাটানোর সুবর্ণ সুযোগের সামনে দাঁড়িয়ে ইংল্যান্ড। ১৯৬৬ সালের পর আর কখনো সোনালি ট্রফি ছুঁয়ে দেখতে না পারা ‘থ্রি লায়নসদের’ দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পথে এবার সেমিফাইনালে দিতে হবে কঠিন পরীক্ষা। বুধবার (১৫ জুলাই) গুরুত্বপূর্ণ এ ম্যাচে তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইংলিশদের সামনে স্বাভাবিকভাবেই বড় বাধা হয়ে দাঁড়াতে পারেন অবিশ্বাস্য ফর্মে থাকা আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তবে থ্রি লায়নস শিবির কেবল মেসিকে নিয়ে নয়, বরং পুরো আলবিসেলেস্তে দল নিয়েই রণকৌশল সাজাচ্ছে।

ক্যারিয়ারের সায়াহ্নে এসেও ৩৯ বছর বয়সী ফরোয়ার্ড মেসি টুর্নামেন্টে দেখিয়ে যাচ্ছেন তার চিরচেনা জাদু। কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে ৮ গোল নিয়ে বর্তমানে গোলদাতার তালিকার শীর্ষে আছেন তিনি। এ তারকাকে আটকানোর কোনো বিশেষ পরিকল্পনা আছে কিনা, ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ডকে। তবে ম্যাচটিকে সামনে রেখে শুধু মেসির দিকে মনোযোগ ধরে রাখতে নারাজ এই ইংলিশ প্রহরী।

পিকফোর্ড জানিয়েছেন, মেসি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা হওয়ায় তাকে নিয়ে আলোচনা হবেই, তবে ইংল্যান্ডের নিজেদের স্কোয়াডের সামর্থ্য ও প্রতিভাকেও ভুলে গেলে চলবে না। আক্রমণ থেকে রক্ষণ- সব পজিশনেই তাদের দল দারুণভাবে ঐক্যবদ্ধ। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের দলে মেসি ছাড়াও বেশ কয়েকজন প্রতিভাবান ফুটবলার রয়েছেন এবং দল হিসেবে তারা বেশ শক্তিশালী। তবে আর্জেন্টিনাকে সমীহ করলেও নিজেদের শক্তি নিয়ে বেশ আত্মবিশ্বাসী পিকফোর্ড। তার মতে, ইংলিশদের আক্রমণভাগ যেমন প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর, তেমনি তাদের রক্ষণ ভাঙাও সহজ হবে না। জয়ের দৃঢ় মানসিকতা আর দলগত সংহতিই এ সেমিফাইনালে ইংল্যান্ডকে আলাদা করে চেনাবে বলে বিশ্বাস তার।

/এমএকে/