শিরোনাম

‘ফেভারিট’ তকমা গায়ে মাখছেন না স্পেন কোচ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
‘ফেভারিট’ তকমা গায়ে মাখছেন না স্পেন কোচ
সংবাদ সম্মেলনে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। ছবি: রয়টার্স

উত্তর আমেরিকা বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে ডালাসে মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি স্পেন ও ফ্রান্স। বাংলাদেশ সময় মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১টার এই হাইভোল্টেজ মহারণের আগে মাঠের বাইরের মনস্তাত্ত্বিক লড়াই বেশ জমে উঠেছে। ফরাসি কোচ দিদিয়ের দেশম স্পেনকে ‘ফেভারিট’ আখ্যা দিয়ে তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টির যে কৌশল নিয়েছিলেন। কিন্তু তা সাবলীলভাবে উড়িয়ে দিয়েছেন স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে। তিনি জানিয়েছেন, এ ‘ফেভারিট বা ফেভারিট নয়’ গোটা ব‍্যাপারটাই সম্পূর্ণ অপ্রাসঙ্গিক এবং মাঠের লড়াইয়ে এর কোনো মূল্য নেই।

এবারের আসরের শিরোপার সবচেয়ে বড় দাবিদার ফ্রান্স নিজেদের দাপুটে পারফরম্যান্স দিয়ে শেষ চারে পা রেখেছে, অন্যদিকে শুরুর জড়তা কাটিয়ে দারুণ ছন্দে ফিরেছে স্পেনও। ফুটবলপ্রেমীদের কাছে ‘ফাইনালের আগে ফাইনাল’ হিসেবে রূপ নেওয়া এ ম্যাচ ঘিরে মাঠের লড়াইয়ের আগেই শুরু হয়েছে কথার যুদ্ধ। মহারণের আগে ফরাসি কোচ দেশম নিজেদের ওপর থেকে চাপ সরাতে প্রতিপক্ষকে ফেভারিটের তকমা দিয়ে মনস্তাত্ত্বিক চাল চাললেও সেই ফাঁদে পা দেননি দে লা ফুয়েন্তে। তিনি মনে করেন, সেমি-ফাইনালের মতো মঞ্চে দুটি দুর্দান্ত দলের লড়াইয়ে কে ফেভারিট তা মোটেও গুরুত্ব বহন করে না। সাবেক কোচ হোয়াকিন কাপাররসের প্রসঙ্গ টেনে তিনি পরিবেশ হালকা করার চেষ্টা করেন। এ মাস্টারমাইন্ড জানান, প্রতিপক্ষ মাঠে নামবে কি নামবে না তা নিয়ে ভাবার চেয়ে নিজেদের খেলাটাই আসল।

অতীত পরিসংখ্যান অবশ্য স্পেনের পক্ষেই কথা বলছে। ফ্রান্সের বিপক্ষে শেষ দুই সেমি-ফাইনালের দেখাতেই জিতেছে স্প্যানিশরা, যার মধ্যে ২০২৪ সালের ইউরো কাপের শেষ চারে ২-১ এবং উয়েফা নেশন্স লিগে রোমাঞ্চকর লড়াইয়ে ৫-৪ গোলের জয় রয়েছে। তবে পুরোনো জয় থেকে আত্মবিশ্বাস পেলেও অতীত নিয়ে পড়ে থাকতে রাজি নন ফুয়েন্তে। ফরাসিদের বর্তমান দলটির খেলার ধরন সম্পূর্ণ ভিন্ন এবং তাদের বিপজ্জনক গতিময় কাউন্টার অ্যাটাক নিয়ে দলকে বাড়তি সতর্ক থাকার তাগিদ দিয়েছেন তিনি। বিগত ম্যাচের শেষ ১৫ মিনিটে ৫-১ ব্যবধান থেকে ৫-৪ হয়ে যাওয়ার মতো ভুলগুলো এড়িয়ে, মাঠের নিয়ন্ত্রণ ধরে রেখে ফাইনালে চোখ রাখছে ইউরো জয়ী এ স্প্যানিশ কোচ।

/এমএকে/