শিরোনাম

সেরাদের বিপক্ষেই খেলতে চাই: ইয়ামাল

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
সেরাদের বিপক্ষেই খেলতে চাই: ইয়ামাল
স্প্যানিশ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে ফেভারিট স্পেন। শক্তি-সামর্থ্যে অনেক পিছিয়ে থাকা দলের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করায় নকআউট পর্বের সমীকরণ কিছুটা জটিল হয়ে পড়েছে স্প্যানিশদের জন্য। তবে এমন কঠিন পরিস্থিতিতেও ভীষণ আত্মবিশ্বাসী স্পেনের তরুণ উইঙ্গার লামিনে ইয়ামাল। পরবর্তী ধাপে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হলেও এতে বিন্দুমাত্র আপত্তি নেই তার।

মাত্র ৫ লাখ ৯৩ হাজার জনসংখ্যার দেশ কেপ ভার্দের বিপক্ষে সোমবার (১৫ জুন) গোলশূন্য ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে স্পেন। এ ড্রয়ের ফলে 'এইচ' গ্রুপের সমীকরণ বেশ নাটকীয় রূপ নিয়েছে। গ্রুপের প্রথম রাউন্ডে চার দলের কেউই জয় না পাওয়ায় সবাই সমান ১ পয়েন্ট করে পেয়েছে। তবে গোল ব্যবধান ও অন্যান্য নিয়মের মারপ্যাঁচে উরুগুয়ে টেবিলের শীর্ষে, সৌদি আরব দ্বিতীয়, স্পেন তৃতীয় এবং কেপ ভার্দে তলানিতে অবস্থান করছে।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, 'এইচ' গ্রুপের চ্যাম্পিয়ন দল রাউন্ড অব ৩২-এ মুখোমুখি হবে 'জে' গ্রুপের রানার্সআপের। আর 'জে' গ্রুপের চ্যাম্পিয়নের বিপক্ষে লড়বে 'এইচ' গ্রুপের রানার্সআপ দল। এদিকে, নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে 'জে' গ্রুপের শীর্ষে অবস্থান করছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান। ফলে গ্রুপ পর্বের বর্তমান অবস্থান বজায় থাকলে রাউন্ড অব ৩২-এ স্পেন-আর্জেন্টিনা মহারণ দেখার সম্ভাবনা তৈরি হয়েছে।

স্প্যানিশ টেলিভিশন নেটওয়ার্ক আরটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার এ সম্ভাবনা নিয়ে কথা বলেন ইয়ামাল। তরুণ এ তারকা জানান, বড় মঞ্চে সেরা দলের বিপক্ষেই নিজেদের প্রমাণ করতে চান তারা। ইয়ামাল বলেন, শেষ পর্যন্ত বিশ্বকাপ জিততে হলে সেরাদেরই হারাতে হবে। যদি রাউন্ড অব ৩২-এ তাদের মুখোমুখি না-ও হই, তবে হয়তো ফাইনালে দেখা হবে। আমরা সবসময় সেরাদের বিপক্ষেই খেলতে চাই।

/এমএকে/