শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধা

চাপাইনবাবগঞ্জ সংবাদদাতা
চাপাইনবাবগঞ্জ সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধা
সীমান্তে পাহারায় বিজিবি এবং শূন্যরেখায় কয়েকজন নারী-পুরুষ

সম্প্রতি দেশের বিভিন্ন সীমান্তে ভারতের পুশ ইনের ঘটনা বেড়েছে। এবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্তে এ ঘটনা ঘটে।

শনিবার (২০ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

বিজিবি জানিয়েছে, চৌকা সীমান্ত এলাকায় বিএসএফ ২০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করলে বিজিবির টহল দল তা প্রতিহত করে। পরে ওই ২০ জন সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থান নেয়।

জানা গেছে, বিএসএফের পুশ ইনের চেষ্টা করা ২০ জনের মধ্যে ১১ জন পুরুষ, ৫ নারী ও ৪ জন শিশু রয়েছেন। বিএসএফের অপতৎপরতা টের পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত সীমান্তে অবস্থান নেয় এবং তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়।

স্থানীয় ইউপি সদস্য বাদশাহ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএসএফ ২০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করলে বিজিবি তা প্রতিহত করে। এখন ওই ২০ জন সীমান্তে শূন্য রেখা বরাবর ভারতীয় অংশে অবস্থান নিয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনার বিষয়ে আরও জানার জন্য আমরা সীমান্ত এলাকায় যাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে।

/জেএইচ/