শিরোনাম

জার্মানিকে পেছনে ফেলে বিশ্বকাপে নতুন রেকর্ড ব্রাজিলের

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
জার্মানিকে পেছনে ফেলে বিশ্বকাপে নতুন রেকর্ড ব্রাজিলের
হাইতির বিপক্ষে গোলের পর উদযাপনে ভিনিসিয়ুস জুনিয়র, মাতেউস কুনিয়া ও লুকাস পাকেতা (বাঁ থেকে)

ম্যাচ জয়ের পাশাপাশি চলতি বিশ্বকাপে চলছে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলের রাজকীয় মর্যাদা রক্ষার এক রোমাঞ্চকর দ্বৈরথ। চিরপ্রতিদ্বন্দ্বী জার্মানিকে পেছনে ফেলে বৈশ্বিক মহোৎসবে দলগতভাবে সর্বোচ্চ গোলদাতার মুকুট আবারও নিজেদের মাথায় তুলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কুরাসাওকে বিধ্বস্ত করে সাময়িকভাবে শীর্ষস্থান দখল করেছিল জার্মানরা। তবে হাইতির বিপক্ষে দাপুটে জয়ে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি সেলেসাওরা।

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় হাইতির মুখোমুখি হয়ে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় ব্রাজিল। পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে ৩-০ গোলের দুর্দান্ত এক জয় তুলে নেয় তারা। জোড়া গোল করে ম্যাচের স্পটলাইট কেড়ে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাতেউস কুনিয়া। এ দাপুটে জয়ের সুবাদে বিশ্বকাপ ইতিহাসে ব্রাজিলের মোট গোলসংখ্যা এখন ২৪১টি। ফলে ২৩৯ গোল নিয়ে দ্বিতীয় স্থানে নেমে যাওয়া জার্মানির চেয়ে ২ গোল এগিয়ে থেকে আবারও চূড়ায় বসল ল্যাতিন আমেরিকার এ পরাশক্তি।

শীর্ষ দুই দল যখন আড়াইশ গোলের মাইলফলকের কাছাকাছি, তখন অন্য পরাশক্তিরা গোলের এই দৌড়ে বেশ অনেকটাই পিছিয়ে রয়েছে। চলতি আসরে আলজেরিয়ার বিপক্ষে অধিনায়ক লিওনেল মেসির চোখধাঁধানো হ্যাটট্রিকে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৫৫তে। এর ফলে তালিকার তৃতীয় স্থানে রয়েছে আলবিসেলস্তেরা। কিলিয়ান এমবাপ্পেদের দুর্দান্ত ফর্মে ভর করে ১৩৯ গোল নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ফ্রান্স। অন্যদিকে, টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা না পেয়ে দর্শকের ভূমিকায় থাকা ইতালি ১২৮ গোল নিয়ে রয়েছে তালিকার পঞ্চম স্থানে।

/এমএকে/