শিরোনাম

জয়ের দিনে নেইমারকে নিয়ে সুখবর পেল ব্রাজিল

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
জয়ের দিনে নেইমারকে নিয়ে সুখবর পেল ব্রাজিল
ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র

চোটের ধাক্কা সামলে অবশেষে বিশ্বকাপের মঞ্চে ফিরছেন ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়র। সেলেসাওদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে ঘিরে তৈরি হওয়া সব অনিশ্চয়তা উড়িয়ে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচেই তার মাঠে নামার জোরালো ইঙ্গিত দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।

হাইতির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ের পর ব্রাজিলের মাস্টারমইন্ড নিশ্চিত করেছেন, কাফ ইনজুরি থেকে সেরে উঠে নেইমার ইতোমধ্যেই দলের সঙ্গে পুরোদমে অনুশীলন শুরু করেছেন। আনচেলত্তির প্রত্যাশা, পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচেই সম্পূর্ণ প্রস্তুত পাবেন তার এ সেরা তারকাকে। বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে চোটে পড়ায় গ্রুপ পর্বের প্রথম দুটি ম্যাচে মাঠের বাইরে থাকতে হয়েছিল ৩৪ বছর বয়সী ফরোয়ার্ডকে। তবে স্কোয়াডে তার উপস্থিতি কেবল একজন ফুটবলার হিসেবে নয়, বরং দলের মানসিক শক্তি ও নেতৃত্বের বড় উৎস হিসেবে দেখছেন কোচ।

প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করে কিছুটা সমালোচনার মুখে পড়েছিলেন আনচেলত্তি। কিন্তু হাইতি ম্যাচে ম্যাথিউস কুনহার দারুণ পারফরম্যান্স ও আক্রমণে ভারসাম্য ফেরায় স্বস্তিতে আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে সব ছাপিয়ে ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর জাতীয় দলের হয়ে ৭৯ গোল করা নেইমারের এ সম্ভাব্য প্রত্যাবর্তন। দীর্ঘ দিন ধরে চোটের সঙ্গে লড়াই করা তারকার অনুপস্থিতি দলের জন্য বড় ধাক্কা হলেও, এখন তা কাটিয়ে ওঠার স্বপ্ন দেখছে সেলেসাওরা।

এর আগে ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের পর থেকেই গুরুতর এসিএল এবং মেনিস্কাস ইনজুরির কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন নেইমার। দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ মঞ্চে ফিরে তিনি কতটা ফিটনেস ধরে রাখতে পারবেন, তা নিয়ে ফুটবল মহলে কিছুটা সংশয় অবশ্য রয়েই গেছে। তবে গ্রুপ সেরার লড়াইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটি এখন রূপ নিয়েছে এক অন্যরকম আকর্ষণে। নেইমারের এই ফেরা শুধু ব্রাজিলের জন্যই নয়, বরং পুরো ফুটবল বিশ্বের জন্যই চলতি বিশ্বকাপের অন্যতম বড় হাইলাইট হতে যাচ্ছে।

/এমএকে/