শিরোনাম

অবশেষে মার্কিন ভিসা পেলেন ভোজিনিয়ার মা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
অবশেষে মার্কিন ভিসা পেলেন ভোজিনিয়ার মা
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া (বাঁয়ে) ও তার মা আনা ক্যান্ডিদা এভোরা (ডানে)। কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

অভিষেক বিশ্বকাপেই স্পেনকে গোলশূন্য ব্যবধানে রুখে দিয়ে ফুটবল বিশ্বে বড় চমক দেখিয়েছে কেপ ভার্দে। আর সেই ঐতিহাসিক ড্রয়ের ম্যাচে পোস্টের নিচে দেয়াল হয়ে দাঁড়িয়ে অবিশ্বাস্য নৈপুণ্য দেখিয়ে পাদপ্রদীপে আসেন দলটির গোলকিপার ভোজিনিয়া।

ম্যাচ শেষেই অশ্রুসিক্ত চোখে এই তারকা জানিয়েছিলেন, তীব্র আর্থিক সংকটের কারণে মায়ের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা করাতে পারেননি তিনি। চলতি বছরের জানুয়ারিতে মার্কিন প্রশাসন কেপ ভার্দের নাগরিকদের ওপর ভিসা ফির পাশাপাশি সর্বোচ্চ ১৫ হাজার ডলারের ফেরতযোগ্য বন্ডের বাড়তি নিয়ম চালু করায় বিপাকে পড়েছিলেন ভোজিনহার মা আনা ক্যান্ডিদা এভোরা।

তবে সমস্ত জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে সুখবর পেয়েছেন এ ফুটবলার ও তার মা। ভোজিনহার মায়ের ভিসা প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তিনি গ্যালারিতে বসেই ছেলের পরবর্তী ম্যাচগুলো সরাসরি উপভোগ করতে পারবেন। যুক্তরাষ্ট্রের হাউস ডেমোক্রেটিক নেতা হাকিম জেফ্রিস সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবরটি নিশ্চিত করেছেন।

জেফ্রিস এই প্রক্রিয়া সফল করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা, কেপ ভার্দে সরকার ও ফিফাকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন। মূলত পররাষ্ট্রমন্ত্রী রুবিওর সরাসরি হস্তক্ষেপে ভোজিনিয়ার মায়ের সব ভিসা ফি মওকুফ করে দ্রুততম সময়ে এ জরুরি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। পুরো বিষয়টিতে ফিফা এবং কেপ ভার্দে ফুটবল ফেডারেশনেরও সক্রিয় সহযোগিতা ছিল। ফলে সব বাধা পেরিয়ে আনা ক্যান্ডিদা এখন সরাসরি স্টেডিয়ামে উপস্থিত থেকে উরুগুয়ের বিপক্ষে কেপ ভার্দের পরবর্তী ম্যাচেই ছেলেরে খেলা দেখতে পারবেন।

/এমএকে/