শিরোনাম

উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
ছুটি শেষে বাড়ি ফিরছেন শিক্ষার্থীরা। ফাইল ছবি

ষষ্ঠ থেকে দ্বাদশ ও সমমান শ্রেণির উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির (এইচএসপি) আওতায় শিক্ষার্থীদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট অভিভাবকের জাতীয় পরিচয়পত্র দ্বারা ‘ভ্যালিডেশন’ বা যাচাই করার নির্দেশ দিয়েছে সরকার।

আগামী ২০ জুনের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ব্যর্থ হলে ওই শিক্ষার্থীর উপবৃত্তি বিতরণ কার্যক্রম স্থগিত হয়ে যাবে।

বুধবার (১৭ জুন) দেশের সব উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির সফটওয়্যারে বিদ্যমান শিক্ষার্থীদের মধ্যে যাদের অভিভাবকের এনআইডি দ্বারা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট (বিকাশ, রকেট, নগদ, উপায়, এমক্যাশ ইত্যাদি) এখনও যাচাই করা হয়নি, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদের তথ্য সংশোধন করতে হবে। এই কার্যক্রমের জন্য সফটওয়্যারের ‘মোবাইল ব্যাংক তথ্য আপডেট’ অপশনটি বুধবার থেকে আগামী ২০ জুন পর্যন্ত উন্মুক্ত থাকবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, সফটওয়্যারে শিক্ষার্থীর অভিভাবকের যে জাতীয় পরিচয়পত্র নম্বর এন্ট্রি করা থাকবে, সেই নির্দিষ্ট এনআইডি দিয়েই শিক্ষার্থীর উপবৃত্তির সিমটি নিবন্ধিত (সিম রেজিস্ট্রেশন) হতে হবে। অর্থাৎ একই এনআইডি ব্যবহার করেই মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টটি খোলা থাকতে হবে।

সংশ্লিষ্ট ওয়েবসাইটে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট অভিভাবকের জাতীয় পরিচয়পত্র দ্বারা ‘ভ্যালিডেশন’ করার নিয়মাবলী আপলোড করা হয়েছে।

/জেএইচ/