শিরোনাম

টানা ১০ ম্যাচ গোলহীন রোনালদো, পর্তুগালের নতুন দুশ্চিন্তা

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
টানা ১০ ম্যাচ গোলহীন রোনালদো, পর্তুগালের নতুন দুশ্চিন্তা
পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো।

২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে পর্তুগাল, আর তাতেই নতুন করে কাঠগড়ায় দলটির মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর তাকে নিয়ে জোর গুঞ্জন চলছে ফুটবল বিশ্বে। প্রশ্ন উঠেছে, ৪১ বছর বয়সী এ কিংবদন্তি কি পর্তুগিজ শিবিরের জন্য এখনও সম্পদ, নাকি শুধুই এক বোঝা? পুরো ম্যাচজুড়ে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য দেখালেও গোলের গেরো খুলতে ব্যর্থ হয়েছে ইউরোপের এ পরাশক্তি, যার দায় অনেকটাই বর্তাচ্ছে দলের অধিনায়কের ওপর।

ম্যাচে ২৫ বার বল স্পর্শ করার সুযোগ পেলেও প্রতিপক্ষের জালে কোনো লক্ষ্যভেদী শট নিতে পারেননি রোনালদো। আক্রমণভাগে তার মলিন পারফরম্যান্স নিয়ে ম্যাচ-পরবর্তী বিশ্লেষণে সাবেক ফরাসি তারকা থিয়েরি অঁরি কড়া সমালোচনা করে বলেন, ‘দলের গোল দরকার, তোমার ব্যক্তিগত গোল নয়।’ অঁরির এ মন্তব্য পর্তুগালের বর্তমান রূঢ় বাস্তবতাকে আরও স্পষ্ট করে তুলেছে।

পরিসংখ্যানও এখন আর পর্তুগিজ যুবরাজের পক্ষে কথা বলছে না। ইউরো ও বিশ্বকাপ মিলিয়ে টানা ১০টি ম্যাচে তিনি সম্পূর্ণ গোলহীন। আরও উদ্বেগের বিষয় হলো, সাম্প্রতিক চারটি গুরুত্বপূর্ণ ম্যাচে প্রায় পুরো সময় মাঠে থেকেও তার দল গোল পেয়েছে মাত্র একটি। বয়সের ভারে রোনালদো এখন আর আগের মতো গতিময় বা ড্রিবলিংয়ে পারদর্শী নন, সময়ের ব্যবধানে তিনি পরিণত হয়েছেন কেবলই এক বক্সনির্ভর স্ট্রাইকারে। ফলে মাঝমাঠে ব্রুনো ফার্নান্দেস, ভিতিনিয়া ও বার্নার্দো সিলভাদের তৈরি করা চমৎকার সুযোগগুলো কাজে লাগানোর সেই চিরচেনা ধার এখন অনুপস্থিত।

তবে মাঠের খেলায় ম্লান হলেও দলের তরুণদের কাছে রোনালদো এখনও এক বড় অনুপ্রেরণা ও অভিজ্ঞতার প্রতীক। আর তাই প্রধান কোচ রবার্তো মার্তিনেজও অধিনায়কের ওপর থেকে আস্থা হারাচ্ছেন না। ম্যাচ শেষে তিনি জানান, যখন গোল প্রয়োজন, তখন সর্বোচ্চ গোলদাতাকে মাঠ থেকে তুলে নেওয়ার কোনো মানে হয় না। বিশ্বকাপের পথ অনেক দীর্ঘ হলেও প্রথম ম্যাচের এই হতাশাজনক পারফরম্যান্স আবারও মনে করিয়ে দিয়েছে, সময় ও বয়স কারও জন্যই অপেক্ষা করে না।

/এমএকে/