শিরোনাম

বিশ্বকাপে নতুন মাইলফলকের সামনে এমবাপ্পে

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপে নতুন মাইলফলকের সামনে এমবাপ্পে
ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে

ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বে এককভাবে সর্বোচ্চ গোলের এক অনন্য কীর্তি গড়ার অপেক্ষায় আছেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় রাউন্ড অব ৩২-এর ম্যাচে সুইডেনের মুখোমুখি হচ্ছে ফ্রান্স। এ হাইভোল্টেজ ম্যাচে গোল পেলেই ব্রাজিলের দুই কিংবদন্তি লিওনিদাস দা সিলভা এবং রোনালদো নাজারিওকে পেছনে ফেলে ইতিহাস নিজের করে নেবেন তিনি। বর্তমানে নকআউট পর্বে ৮টি গোল করে এ দুই সেলেসাও তারকার সঙ্গে যৌথভাবে শীর্ষস্থান ভাগ করে নিচ্ছেন এমবাপ্পে।

বিশ্বমঞ্চে ইতোমধ্যে নিজেকে অন্যতম প্রভাবশালী ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ২৭ বছর বয়সী এ তারকা। ২০১৮ সালে রাশিয়ার আসরে ফ্রান্সের চ্যাম্পিয়ন হওয়া এবং ২০২২ সালে কাতার বিশ্বকাপে রানার্সআপ ট্রফি জয়ের পেছনে বড় ভূমিকা ছিল তার। বিশেষ করে কাতারের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ঐতিহাসিক হ্যাটট্রিক এবং পোল্যান্ডের বিপক্ষে জোড়া গোল ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল। এর আগে রাশিয়ার আসরেও নকআউট পর্বে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করেছিলেন তিনি।

ব্যক্তিগত রেকর্ডের ঝুলিতে বেশ কিছু অনন্য অর্জন যোগ করেছেন এ ফরাসি গতিদানব। বিশ্বকাপের ইতিহাসে ফাইনাল ম্যাচে এককভাবে সর্বোচ্চ ৪টি গোল করার রেকর্ডটি এখন পর্যন্ত তারই দখলে। এছাড়া বিশ্বমঞ্চে সব মিলিয়ে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ষোলোতে। এটি তাকে সর্বকালের সেরা গোলদাতার তালিকার একদম চূড়ার কাছাকাছি নিয়ে গেছে। বর্তমানে এই তালিকার শীর্ষে থাকা লিওনেল মেসির চেয়ে তিনি মাত্র ৩টি গোল পিছিয়ে আছেন। মঙ্গলবারের ম্যাচে সুইডেনের বাধা টপকে এমবাপ্পে নকআউটের একক সিংহাসনে বসতে পারেন কি না, এখন সেটাই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।

/এমএকে/