শিরোনাম

ট্রাম্পের দাবি নাকচ ইরানের

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
ট্রাম্পের দাবি নাকচ ইরানের
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা

মঙ্গলবার দোহায় মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই দাবি নাকচ করেছে তেহরান।

সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, কাতারের রাজধানীতে আলোচনার জন্য অনুরোধ করেছে ইরান। তবে তিনি এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেননি।

পরবর্তীতে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ বিষয়ে আরও বিস্তারিত জানিয়েছেন। ট্রাম্প বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার লড়াইয়ে যুক্তরাষ্ট্র খুব ভালো করছে।

তার ভাষায়, ‘আগামীকাল দোহায় এ বিষয়ে একটি বৈঠক হবে। এজন্য তারা কাতারে যাচ্ছেন। আমার মনে হয়, তারা ইতোমধ্যে রওনা হয়ে গেছেন, অথবা রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সুতরাং দেখা যাক কী হয়।’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘দোহায় বৈঠকটি গুরুত্বপূর্ণ হতে পারে, আবার নাও হতে পারে। আলোচনার পর আমরা তা জানতে পারব। কিন্তু আমরা সামরিকভাবে জিতছি। আমি বলব, আমরা প্রায় জিতেই গেছি।’

তিনি আরও বলেন, ‘ব্যাপারটা আসলে খুবই সহজ। আর তা হলো ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণ। আমরা চাই না তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকুক এবং তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকবেও না। তারা এতে রাজিও হয়েছে।’

এদিকে কাতারে এই বৈঠকের কথা অস্বীকার করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো পর্যায়েই বৈঠকের পরিকল্পনা নেই।

তবে এতে বলা হয়েছে, ১৭ জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বাস্তবায়ন তদারকির জন্য এই সপ্তাহে দোহায় একটি ইরানি বিশেষজ্ঞ প্রতিনিধিদল পাঠানো হবে। স্মারকে জব্দকৃত ইরানি সম্পদ মুক্তিও অন্তর্ভুক্ত রয়েছে।

হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলার ঘটনাকে ঘিরে গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এর জেরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয়।

উভয় পক্ষ যুদ্ধবিরতি কার্যকরকারী সমঝোতা স্মারকে স্বাক্ষর করা সত্ত্বেও এসব ঘটনা ঘটে।

ইরান জোর দিয়ে বলেছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সকল জাহাজকে অবশ্যই তাদের বিপ্লবী রক্ষীবাহিনীর (আইআরজিসি) সঙ্গে সমন্বয় করতে হবে।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/