শিরোনাম

জার্মানিকে হারানোর আনন্দে প্যারাগুয়েতে ছুটি ঘোষণা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
জার্মানিকে হারানোর আনন্দে প্যারাগুয়েতে ছুটি ঘোষণা
প্যারাগুয়ে ফুটবল দল। ছবি: রয়টার্স

ফুটবল বিশ্বকাপে শক্তিশালী জার্মানিকে বিদায় করে শেষ ষোলোতে ওঠার ঐতিহাসিক গৌরব অর্জন করেছে প্যারাগুয়ে। অভাবনীয় এই সাফল্য দেশজুড়ে উদযাপনের সুযোগ করে দিতে মঙ্গলবার (৩০ জুন) সারাদেশে বিশেষ জাতীয় ছুটি ঘোষণা করেছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা। সোমবার (২৯ জুন) রাতে তিনি এই বিশেষ সিদ্ধান্তের কথা জানান। সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, জাতীয় দলের এই অবিস্মরণীয় জয়কে প্রতিটি নাগরিকের কাছে স্মরণীয় করে রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিশ্বকাপের শেষ বত্রিশের এই হাইভোল্টেজ ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ১-১ গোলে সমতা বিরাজ করছিল। এরপর ম্যাচ গড়ায় ভাগ্য নির্ধারণী টাইব্রেকারে, যেখানে স্নায়ুচাপ ধরে রেখে ৪-৩ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় প্যারাগুয়ে। শক্তিশালী জার্মানির বিদায় এবং নিজেদের শেষ ষোলো নিশ্চিত হওয়ার পরপরই পুরো প্যারাগুয়ে মেতে ওঠে বাঁধভাঙা উল্লাসে।

কোচ গুস্তাভো আলফারোর জাদুকরী নির্দেশনায় মাঠে এই বড় চমক দেখিয়েছে প্যারাগুয়ে। বিশ্বফুটবলের অন্যতম পরাশক্তিকে এভাবে রুখে দিয়ে জয় তুলে নেওয়াকে দেশটির ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ও মহাকাব্যিক মুহূর্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রেসিডেন্টের এ ছুটি ঘোষণার পেছনে একটি আইনি ভিত্তিও রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, প্যারাগুয়ের বিদ্যমান আইন অনুসারে প্রেসিডেন্টকে প্রতি ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ তিনটি অতিরিক্ত সরকারি ছুটি ঘোষণার বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। ফুটবল দলের এই অবিস্মরণীয় অর্জনকে সম্মান জানাতে প্রেসিডেন্ট পেনা তাঁর সেই আইনি ক্ষমতার সুবিধা নিয়েই এই বিশেষ জাতীয় ছুটি ঘোষণা করেছেন।

/এমএকে/