শিরোনাম

দুই ড্রয়ের পর নকআউট পর্বে চোখ কেপ ভার্দে কোচের

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
দুই ড্রয়ের পর নকআউট পর্বে চোখ কেপ ভার্দে কোচের
কেপ ভার্দের কোচ বুবিস্তা

চলতি বিশ্বকাপে নিজেদের অভিষেকটা দুর্দান্তভাবে রাঙিয়েছে আফ্রিকার দেশ কেপ ভার্দে। সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ের মতো পরাশক্তিদের রুখে দিয়ে বিশ্বমঞ্চে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে তারা। স্পেনের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর, সোমবার (২২ জুন) ভোরে ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সে উরুগুয়ের বিপক্ষে ২-২ ব্যবধানে রোমাঞ্চকর ড্র করেছে বুবিস্তার শিষ্যরা। কোচের মতে, মাঠের এ পারফরম্যান্স প্রমাণ করে যে দৃঢ় স্বপ্ন থাকলে যেকোনো অর্থনৈতিক সীমাবদ্ধতাকেই জয় করা সম্ভব।

বর্তমানে ‘এইচ’ গ্রুপের সমীকরণ বেশ জমে উঠেছে, যেখানে চার দলের সামনেই রয়েছে নকআউট পর্বে যাওয়ার সমান সুযোগ। ৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে স্পেন। সমান ২ পয়েন্ট করে নিয়ে পরের দুটি স্থানে রয়েছে উরুগুয়ে ও কেপ ভার্দে। আর ১ পয়েন্ট নিয়ে টেবিলের চারে সৌদি আরব। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেপ ভার্দে কোচ বুবিস্তা, শুধু মাঠের ফুটবল নয়, জীবনের অন্যান্য ক্ষেত্রেও তারা এ লড়াকু মানসিকতার বার্তা ছড়িয়ে দিতে চান। মাঠে নামলে সব দলই সমান হয়ে যায়, সেখানে প্রতিপক্ষ কত বড় তা মুখ্য নয় বলে মনে করেন তিনি। অর্থনৈতিক সংকট বা যেকোনো চ্যালেঞ্জের মুখেও মানুষ যে অসাধারণ কিছু অর্জন করতে পারে, সেটাই তারা বিশ্বকে দেখাতে চেয়েছেন।

টানা দুটি আন্তর্জাতিক পরাশক্তির বিপক্ষে এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর ৪৮ দলের এ মহাযজ্ঞে শেষ ৩২-এ জায়গা করে নেওয়ার স্বপ্ন বুনছেন বুবিস্তা। সেরা তৃতীয় দল হিসেবেও তাদের সামনে পরের পর্বে যাওয়ার পথ খোলা রয়েছে। তবে বড় দলগুলোর বিপক্ষে এমন অর্জনের পরও ফুটবলারদের অতি-উৎসাহী না হয়ে মাটিতে পা রাখার পরামর্শ দিয়েছেন তিনি। পরবর্তী ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হওয়ার আগে দলকে পূর্ণ প্রস্তুত হওয়ার তাগিদ দিয়ে কেপ ভার্দে কোচ বলেন, আগামী ম্যাচটি অত্যন্ত চ্যালেঞ্জিং হবে কারণ সৌদি আরবের সামনেও পরের ধাপে যাওয়ার সুযোগ রয়েছে। তাই আত্মতুষ্টিতে না ভুগে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামতে হবে তাদের।

/এমএকে/