শিরোনাম

সিঙ্গাপুরকে হারিয়ে টেবিলের দুইয়ে ওঠার লক্ষ্য বাংলাদেশের

সিটিজেন স্পোর্টস ডেস্ক
সিঙ্গাপুরকে হারিয়ে টেবিলের দুইয়ে ওঠার লক্ষ্য বাংলাদেশের
অনুশীলনে বাংলাদেশ ফুটবল দল। ছবি: বাফুফে

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচ খেলবে আজ মঙ্গলবার (৩১ মার্চ)। বাছাই পর্ব থেকে এরই মধ্যে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। তবে সিঙ্গাপুরে জামাল-হামজাদের এক নজর দেখতে অনুশীলন মাঠে ভিড় করছেন শত শত সমর্থক।

এদিকে বাছাইয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ৩ পয়েন্ট ছিনিয়ে নিয়ে টুর্নামেন্টে ভালো সমাপ্তি চায় বাংলাদেশ।

‘সি’ গ্রুপে ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের তৃতীয় স্থানে আছে লাল-সবুজরা। অন্যদিকে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা হংকংকে টপকে রানার্সআপ হতে হলে সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের বিকল্প নেই হাভিয়ের কাবরেরার দলের সামনে।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে স্প্যানিশ কোচ কাবরেরা বলেন, ‘বাছাইপর্বে আমরা খুব ভালো খেলেছি, যদিও প্রাপ্ত পয়েন্ট আমাদের প্রত্যাশার চেয়ে কিছুটা কম। আমরা একটি শক্তিশালী পারফরম্যান্স দেখিয়ে ৩ পয়েন্টের জন্যই লড়াই করতে চাই।’

মোট ৮ পয়েন্ট পাওয়ার সুযোগে রোমাঞ্চিত বাংলাদেশ দলের কোচ। তিনি বলেন, ‘আমাদের সামনে সুযোগ আছে ৮ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করার এবং শেষ তিন ম্যাচ থেকে ৭ পয়েন্ট পাওয়ার। এটা আমাকে রোমাঞ্চিত করছে। ইতিবাচক দিক হলো দল নিশ্চিতভাবেই উন্নতির দিকে আছে।’

গত জুনে ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে হারলেও দারুণ লড়াই করেছিল বাংলাদেশ। তবে এবার কার্ড সমস্যার কারণে আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে রক্ষণভাগের অতন্দ্র প্রহরী তপু বর্মন এবং গত ম্যাচে গোল করা ফরোয়ার্ড রাকিব হোসেনকে পাচ্ছেন না কোচ।

ফিফা র‍্যাঙ্কিংয়ে সিঙ্গাপুর বাংলাদেশের চেয়ে ৩৩ ধাপ এগিয়ে বাংলাদেশ দলও হামজা-জামাল-সোমিতদের নিয়ে অনেক বেশি ভারসাম্যপূর্ণ বলে মনে করেন কোচ।

জমালদের সঙ্গে সিঙ্গাপুরের ম্যাচটি বাংলাদেশ সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টায় শুরু হবে।

/টিই/