শিরোনাম

কাফনের কাপড় পাঠিয়ে পৌর নির্বাহী কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি

কিশোরগঞ্জ সংবাদদাতা
কিশোরগঞ্জ সংবাদদাতা
কাফনের কাপড় পাঠিয়ে পৌর নির্বাহী কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি
(ডানে) ভৈরব পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. ফারুক।

কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. ফারুককে কাফনের কাপড়, গোলাপ জলসহ একটি চিরকুট পাঠিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা ও এ ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে সোমবার (২০ জুলাই) ভৈরব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

পুলিশ ও জিডি সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়া এলাকার ‘ফাতান হোমিও চিকিৎসালয়’-এর ঠিকানায় পার্সেলটি পাঠানো হয়। প্রতিষ্ঠানটি ভুক্তভোগীর স্ত্রীর মালিকানাধীন। ভৈরবের এসএ পরিবহন শাখা থেকে পাঠানো পার্সেলের প্রেরক হিসেবে ‘হরিদাস, আশুগঞ্জ’ এবং একটি মোবাইল নম্বর উল্লেখ করা হয়। প্রাপক হিসেবে ছিল পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুকের নাম ও তার ব্যক্তিগত মোবাইল নম্বর।

তবে তিনি ব্যস্ত থাকায় তার ছেলে মুন্তাসির মাহমুদ ঈশান দুপুরে পার্সেলটি গ্রহণ করেন। পরে বাসায় খুলে দেখা যায়, ভেতরে এক গজ সাদা কাফনের কাপড়, একটি গোলাপ জল, একটি আগরবাতি এবং একটি হুমকিমূলক চিরকুট রয়েছে।

চিরকুটে লেখা ছিল, ‘আপনি আগামী এক মাসের মধ্যে ভৈরব ছেড়ে দিন। না হলে আপনার পরিণতি ভয়ংকর হবে।’

জানতে চাইলে পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুক বলেন, ‘আমি চার বছরের বেশি সময় ধরে সততা ও নিয়মনীতি মেনে দায়িত্ব পালন করছি। কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা বিধিবহির্ভূত আবদারকে প্রশ্রয় দিইনি। সরকারি বিধি রক্ষায় আমাকে সবসময় কঠোর অবস্থান নিতে হয়েছে। ধারণা করছি, কঠোর ও আপসহীন অবস্থানের কারণে কোনো স্বার্থান্বেষী মহল বা অপরাধী চক্র এ ধরনের হুমকি দিয়েছে।’

এ ঘটনায় ফারুক ও তার পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলেও জানান তিনি।

এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিমন বোস জানান, বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। পার্সেলের প্রেরক ও ব্যবহৃত মোবাইল নম্বরের সূত্র ধরে জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

/এফআর/