শিরোনাম

প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ সিং

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ সিং
(বামে) সংগীতশিল্পী অরিজিৎ সিং।

আবারও প্লেব্যাক গানে ফিরছেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। যদিও চলতি বছরের শুরুতে প্লেব্যাক গান থেকে অবসরের ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দিয়েছিলেন তিনি। তবে সেই অবসর বেশিদিন স্থায়ী হলো না।

বিশাল ভাট পরিচালিত ‘আওয়ারাপন ২’-এর ‘ইয়ে আওয়ারাপন’ গানের মাধ্যমে প্লেব্যাক গানে প্রত্যাবর্তন হচ্ছে অরিজিতের। দীর্ঘদিন পর এই গানের মধ্য দিয়ে নির্মাতা বিশাল ভাটের সঙ্গে আবারও কাজ করছেন তিনি।

‘আওয়ারাপন ২’-এর প্রথম গান হিসেবে ২১ জুলাই মুক্তি পাওয়ার কথা ‘ইয়ে আওয়ারাপন’-এর। গানটির সুর করেছেন আমাল মালিক এবং কথা লিখেছেন রশ্মি বিরাগ।

ছবিতে ইমরান হাশমির অভিনীত শিবম পণ্ডিত চরিত্রের আবেগঘন যাত্রাকে তুলে ধরবে গানটি। নির্মাতাদের মতে, চরিত্রটির আবেগ ও মানসিক টানাপোড়েনের সঙ্গে অরিজিতের কণ্ঠই সবচেয়ে ভালোভাবে মানানসই।

বিশাল ভাটের সঙ্গে অরিজিৎ সিংয়ের দীর্ঘদিনের সঙ্গীত-সহযোগিতা রয়েছে। ‘মার্ডার ২’ ছবির ‘ফির মোহাব্বত’ থেকে শুরু করে ‘আশিকি ২’-এর ‘তুম হি হো’, ‘সিটিলাইটস’-এর ‘মুসকুরানে’, ‘খামোশিয়াঁ’-এর টাইটেল ট্র্যাক, ‘হামারি আধুরি কাহানি’র টাইটেল গান এবং ‘জালেবি’র ‘পাল’—একাধিক জনপ্রিয় গান উপহার দিয়েছেন তারা।

এর আগে, চলতি বছরের জানুয়ারিতে অরিজিৎ জানিয়েছিলেন, নতুন কোনো প্লেব্যাক গানের দায়িত্ব নেবেন না। তবে সংগীতের অন্য ধারায় কাজ চালিয়ে যাবেন তিনি। সেই ঘোষণার কয়েক মাসের মধ্যেই ‘ইয়ে আওয়ারাপন’-এর মাধ্যমে তাঁর প্রত্যাবর্তন ভক্তদের জন্য নিঃসন্দেহে বড় সুখবর।

ইমরান হাশমি ও দিশা পাটানিকে নিয়ে তৈরি ‘আওয়ারাপন ২’ পরিচালনা করেছেন নীতিন কক্কর। ছবিতে আরও অভিনয় করেছেন শাবানা আজমি, সুরেন্দর ভিকি, বিজয়ন্ত খোলি ও অতুল কুমার।

/এফআর/