শিরোনাম

স্কটল্যান্ড ম্যাচে মাঠে ফিরছেন নেইমার

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
স্কটল্যান্ড ম্যাচে মাঠে ফিরছেন নেইমার
ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র

দীর্ঘ আড়াই বছরেরও বেশি সময় পর অবশেষে বিশ্বকাপের মঞ্চেই ব্রাজিলের বিখ্যাত ১০ নম্বর জার্সিতে মাঠে ফিরছেন দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে এ ফরোয়ার্ডের দলে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন কোচ কার্লো আনচেলত্তি। বাংলাদেশ সময় বুধবার (২৪ জুন) দিবাগত রাত ৪টায় মিয়ামিতে নক-আউটে ওঠার চূড়ান্ত লড়াইয়ে স্কটল্যান্ডের মুখোমুখি হবে সেলেসাওরা।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বেশ ফুরফুরে মেজাজে থাকা ব্রাজিল কোচ জানান, নেইমার খেলার জন্য সম্পূর্ণ উপযুক্ত এবং চলতি সপ্তাহে দলের বাকিদের সঙ্গে খুব ভালো অনুশীলন করেছেন। নেইমারের মতো মানসম্পন্ন ফুটবলারের ফেরা পুরো স্কোয়াডের জন্যই বিশাল স্বস্তির। তারকা এই ফরোয়ার্ড শুরু থেকে খেলবেন কি না, এমন প্রশ্নের জবাবে স্বভাবসুলভ রসবোধের আশ্রয় নেন আনচেলত্তি। তিনি বলেন, আমি নিজে বুড়ো বয়সে ৯০ মিনিট হেঁটে বেড়াতে পারলে নেইমার অনায়াসে পুরো সময় দৌড়ে খেলতে পারবেন। মাঠে না নামলেও ডাগআউটে নেইমারের উপস্থিতি এবং অভিজ্ঞতা দলের তরুণ খেলোয়াড়দের মানসিকভাবে অনেক এগিয়ে রাখবে বলে মনে করেন এ ইতালিয়ান মাস্টারমাইন্ড।

২০২৩ সালের ১৭ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মারাত্মক চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়ার পর কেটে গেছে দীর্ঘ ৯৮০ দিন। চোটের কারণে দীর্ঘদিন দলের বাইরে থাকা ৩৪ বছর বয়সী এ ফরোয়ার্ডের এটাই শেষ বিশ্বকাপ, ফলে তার ফেরা নিয়ে পুরো ব্রাজিল ক্যাম্পে এখন উৎসবের আমেজ। চলতি বিশ্বকাপে প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে হাইতিকে হারিয়ে নক-আউটের পথ সচল রেখেছে ব্রাজিল। তবে স্কটল্যান্ড ম্যাচে গ্যালারির দর্শকদের বড় দাবি রিয়ালের নতুন সেনসেশন এনড্রিককে খেলানোর। এ নিয়ে আনচেলত্তি মজা করে বলেন, ভক্তরা এনড্রিকের জন্য পাগল হলেও স্কোয়াডে নেইমারও থাকছেন। এখন ভক্তরা এনড্রিক নাকি নেইমার কাকে ছেড়ে কার জন্য চিৎকার করবেন, তা নিয়ে হয়তো মধুর দ্বিধায় পড়ে যাবেন। তবে দিনশেষে সমর্থকরা দুজনকেই সমান ভালোবাসবেন বলে বিশ্বাস কোচের।

/এমএকে/