শিরোনাম

বিশ্বকাপে ফিরেই পেলে-রিভালদোর রেকর্ড ছুঁলেন নেইমার

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপে ফিরেই পেলে-রিভালদোর রেকর্ড ছুঁলেন নেইমার
নেইমার জুনিয়র। কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

চোটের দীর্ঘ ধকল কাটিয়ে অবশেষে ২০২৬ বিশ্বকাপের মঞ্চে রাজকীয় প্রত্যাবর্তন ঘটল ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়রের। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেই তিনি পা রাখলেন ইতিহাসের পাতায়, যেখানে তার সঙ্গী হলেন ব্রাজিলের দুই কিংবদন্তি পেলে ও রিভালদো।

ব্রাজিল ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ১০ নম্বর জার্সি গায়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার অনন্য রেকর্ডে এখন যৌথভাবে এ তিন ফুটবলারের দখলে। প্রত্যেকেই সেলেসাওদের হয়ে ঐতিহ্যবাহী এ জার্সিতে বিশ্বকাপে ১৪টি করে ম্যাচ খেলেছেন। পেলে তার বর্ণিল ক্যারিয়ারে চারটি বিশ্বকাপ খেলে এ কীর্তি গড়েছিলেন। রিভালদোর লেগেছিল মাত্র দুটি আসর। আর নেইমার তার ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপে এসে এ মাইলফলক স্পর্শ করলেন। এর আগে ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপে ৫টি করে এবং ২০২২ বিশ্বকাপে ৩টি ম্যাচে ১০ নম্বর জার্সি পরেছিলেন তিনি।

২০২৩ সালের অক্টোবরের পর প্রায় ৩ বছরের দীর্ঘ বিরতি শেষে ডান পায়ের কাফের চোট কাটিয়ে জাতীয় দলের জার্সিতে মাঠে নামেন নেইমার। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৭৫ মিনিটে যখন তিনি মাঠে নামেন, তখন কোনো গোল বা অ্যাসিস্ট না পেলেও তার উপস্থিতিই পুরো ম্যাচকে ভিন্ন এক মাত্রা দেয়। মজার বিষয় হলো, চলতি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে মরক্কো ও হাইতির বিপক্ষে ব্রাজিলের কোনো খেলোয়াড়ই ১০ নম্বর জার্সিটি পরেননি। ১৯৬২ বিশ্বকাপে পেলের ইনজুরির পর টানা তিন ম্যাচ ১০ নম্বর জার্সি ছাড়া খেলার দীর্ঘ ৬৪ বছর পর আবারও এমন বিরল ঘটনার সাক্ষী হলো ফুটবল বিশ্ব।

জাতীয় দলের হয়ে ১০ নম্বর জার্সিতে নেইমারের মোট ম্যাচসংখ্যা এখন ৯৮। এই তালিকায় তার সামনে আছেন কেবল ফুটবল সম্রাট পেলে। এ ঐতিহ্যবাহী জার্সিতে তিনি খেলেছেন ১০৫টি ম্যাচ। সামনে নকআউট পর্বের ম্যাচগুলোতে মাঠে নামতে পারলে শততম ম্যাচের মাইলফলক ছুঁয়ে ফেলবেন নেইমার। ক্যারিয়ারের গোধূলিলগ্নে দাঁড়িয়ে নেইমারের ঐতিহাসিক প্রত্যাবর্তন ফুটবলপ্রেমীদের মাঝে নতুন আশার আলো জ্বেলেছে। এখন নকআউট পর্বে সেলেসাওদের বিশ্বজয়ের অভিযানে তিনি কতটা বড় এক্স-ফ্যাক্টর হয়ে উঠতে পারেন, সেটাই দেখার অপেক্ষায় পুরো বিশ্ব।

/এমএকে/