শিরোনাম

মুসলিম ফুটবলারদের জন্য ফিফার বিশেষ সম্মান

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
মুসলিম ফুটবলারদের জন্য ফিফার বিশেষ সম্মান
প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কার হাতে লিওনেল মেসি (বাঁয়ে) ও ইসমায়েল সাইবারি (ডানে)। কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপে খেলোয়াড়দের ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক সংবেদনশীলতার প্রতি সম্মান দেখিয়ে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কারে এক ব্যতিক্রমী পরিবর্তন এনেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বিশেষ করে মুসলিম ফুটবলারদের ধর্মীয় অনুভূতির কথা বিবেচনা করে পুরস্কারের মূল মঞ্চ এবং ট্রফি থেকে অ্যালকোহল-সম্পর্কিত স্পন্সর ব্র্যান্ডিং সরিয়ে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়ন করছে সংস্থাটি।

আমেরিকা, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে চলা এ ফুটবল মহাযজ্ঞে বিষয়টি প্রথম আলোচনায় আসে মরক্কোর মিডফিল্ডার ইসমায়েল সাইবারিকে কেন্দ্র করে। স্কটল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্টের দ্রুততম গোল করে ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি। তবে ট্রফি গ্রহণের সময় প্রথাগত বিয়ার ব্র্যান্ড মাইকেলব আল্ট্রার লোগোযুক্ত কোনো ভিজ্যুয়াল বা ব্যাকড্রপ তার পেছনে দেখা যায়নি। এর পরিবর্তে ব্যবহার করা হয় সম্পূর্ণ নিরপেক্ষ ‘সুপিরিয়র প্লেয়ার অব দ্য ম্যাচ’ ডিজাইন এবং ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ব্র্যান্ডিং। ইসমাইল সাইবারি ছাড়াও মিসরের ইমাম আশুর, জর্ডানের আলি ওলওয়ান, ইরানের রামিন রেজায়িয়ান, কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদা এবং আইভরি কোস্টের ইয়ান দিয়োমান্দের ম্যাচসেরা উদযাপনেও একই সংবেদনশীলতা বজায় রেখেছে ফিফা।

সংবাদমাধ্যম স্পোর্টবাইবেলকে দেওয়া এক বিবৃতিতে ফিফার একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, কোনো খেলোয়াড় যদি ধর্মীয় বা সাংস্কৃতিক কারণে অ্যালকোহল প্রচারের অংশ হতে না চান, তবে তার অনুরোধে স্পন্সরবিহীন পুরস্কার ও ব্যাকড্রপ দেওয়ার নিয়ম রাখা হয়েছে। একই নিয়ম অপ্রাপ্তবয়স্ক ফুটবলারদের ক্ষেত্রেও কার্যকর থাকে। বিশ্ব ফুটবলে এমন সচেতনতা অবশ্য এবারই প্রথম নয়। এর আগে ২০১৮ বিশ্বকাপে মিসরীয় গোলরক্ষক মোহাম্মদ আল শেনাবি অ্যালকোহল স্পন্সরযুক্ত পুরস্কার প্রত্যাখ্যান করে আলোচনায় এসেছিলেন। তারই ধারাবাহিকতায় ২০২৬ বিশ্বকাপে ফিফা কোনো প্রকার বিতর্ক ছাড়াই অত্যন্ত পরিচ্ছন্ন ও কার্যকর উপায়ে বৈচিত্র্যের প্রতি এ ইতিবাচক সম্মান প্রদর্শন করল, যা ক্রীড়ামোদীদের মাঝে বেশ প্রশংসিত হচ্ছে।

/এমএকে/