শিরোনাম

আমাদের আইডল ফিরে এসেছে: ভিনিসিয়ুস

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আমাদের আইডল ফিরে এসেছে: ভিনিসিয়ুস
স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে নেইমার জুনিয়র ও ভিনিসিয়ুস জুনিয়র

চলতি বিশ্বকাপে ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মাঠে ফিরেছেন নেইমার। ডান পায়ের কাফ ইনজুরি কাটিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাঠে নেমেছেন ব্রাজিলীয় ফুটবলের পোস্টার বয় নেইমার জুনিয়র। বুধবার (২৪ জুন) বাংলাদেশ সময় ভোররাতে অনুষ্ঠিত এ ম্যাচে স্কটিশদের ৩-০ ব্যবধানে হারিয়ে দাপটের সাথে নকআউট পর্ব নিশ্চিত করেছে সেলেসাওরা। আর সেই জয়ের উল্লাসের মাঝেই দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে ফেরেন এ অভিজ্ঞ ফরোয়ার্ড। মাংসপেশির চোটের কারণে দলের প্রথম দুটি ম্যাচ মিস করার পর অবশেষে এই বিশ্বমঞ্চে নিজের উপস্থিতি জানান দিলেন তিনি।

ম্যাচের ৭৬ মিনিটে নেইমার যখন মাঠে প্রবেশ করেন, ব্রাজিল তখন ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচ সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। শেষ পর্যন্ত এ ব্যবধান ধরে রেখেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে নেইমারের এই ম্যাচে ফেরা আকস্মিক কিছু ছিল না। চলতি সপ্তাহের শুরুতেই দলীয় সূত্রে জানানো হয়েছিল যে তিনি সম্পূর্ণ ফিট এবং মাঠে নামার জন্য প্রস্তুত। কোচ কার্লো আনচেলত্তি আগে থেকেই ইঙ্গিত দিয়েছিলেন, নেইমারকে শুরুতে বেঞ্চে রেখে পরবর্তীতে বিকল্প হিসেবে খেলানো হবে এবং ম্যাচ চলাকালীন তিনি সেই পরিকল্পনা অনুযায়ীই দল পরিচালনা করেন।

দ্বিতীয়ার্ধে নেইমার যখন সাইডলাইনের পাশে ওয়ার্ম-আপ শুরু করেন, তখনই গ্যালারিতে উপস্থিত দর্শকদের মাঝে তুমুল উন্মাদনা দেখা দেয়। এরপর মাঠে নেমে তিনি যখন প্রথমবার বল স্পর্শ করেন, গ্যালারির করতালির শব্দ যেন দ্বিগুণ হয়ে যায়। ম্যাচে জোড়া গোল করে দলের জয়ে মুখ্য ভূমিকা রাখা ভিনিসিয়ুস জুনিয়র ম্যাচ শেষে দলের সবচেয়ে বড় তারকার প্রত্যাবর্তন নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি জানান, দলের সবার জন্য এটি অত্যন্ত আবেগঘন ও গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত কারণ তাদের আইডল ফিরে এসেছে। ভিনিসিয়ুস আরও উল্লেখ করেন, নেইমার এখানে আসার জন্য সবসময় কঠোর পরিশ্রম করেছেন এবং চোট কাটিয়ে তার ফেরা পুরো টুর্নামেন্টে দলকে আরও অনুপ্রাণিত করবে।

এর আগে মঙ্গলবার (২৩ জুন) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কোচ আনচেলত্তি নেইমারের ভূয়সী প্রশংসা করে বলেছিলেন, এ তারকা ফরোয়ার্ড খেলার জন্য পুরোপুরি প্রস্তুত এবং পুরো সপ্তাহে খুব ভালো অনুশীলন করেছেন। তিনি দলে ফেরায় পুরো স্কোয়াড দারুণ আনন্দিত। উল্লেখ্য, ৩৪ বছর বয়সী নেইমার বর্তমানে ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। দেশের হয়ে ১৩০টি আন্তর্জাতিক ম্যাচে তার গোল সংখ্যা ৭৯টি। এর আগে ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপে অংশ নিয়ে ৮টি গোল করার কীর্তি রয়েছে তার।

/এমএকে/