শিরোনাম

১০ হাজার টাকার জন্য অটোরিকশাচালককে হত্যা

জামালপুর সংবাদদাতা
জামালপুর সংবাদদাতা
১০ হাজার টাকার জন্য অটোরিকশাচালককে হত্যা
গ্রেপ্তার ছয় আসামি

জামালপুরে মাত্র ১০ হাজার টাকার প্রয়োজন মেটাতে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশে এক চালককে হত্যা করা হয়েছে। পরে মরদেহ লাগেজে ভরে ইসলামপুর উপজেলার বেনুয়ারচর এলাকার একটি পুকুরে পাড়ে ফেলে দেওয়া হয়।

মামলা সূত্রে জানা গেছে, আসামিরা রবিবার (২১ জুন) মেলান্দহ উপজেলার কাজাইকাটা এলাকার নায়েব আলী নামে এক অটোরিকশাচালককে হত্যা করে। ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য তার মরদেহ লাগেজে ভরে ইসলামপুর উপজেলার বেনুয়ারচর এলাকার একটি পুকুর পাড়ে ফেলে দেয়। সোমবার দিবাগত মধ্যরাতে ইসলামপুর থানার পুলিশ তার মরদেহ উদ্ধার করে। পরে নায়েব আলীর পরিবারের লোকজন কোমরের তাবিজ ও গায়ের শার্ট দেখে তাকে শনাক্ত করে।

এ বিষয়ে নিহত নায়েব আলীর ছেলে মামুন মিয়া বাদী হয়ে মঙ্গলবার (২৩ জুন) ইসলামপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় নামীয় কাউকে আসামি করা হয়নি।

পিবিআই তথ্য প্রযুক্তি ব্যবহার করে এদিন দিবাগত মধ্যরাতে প্রধান আসামি নাহিদুল ইসলামকে মেলান্দহ থানার চকরদহ সরদারবাড়ি থেকে গ্রেপ্তার করে।

পিবিআই জানায়, জরুরি ভিত্তিতে ১০ হাজার টাকার প্রয়োজন হওয়ায় নাহিদুল অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী নায়েব আলীকে হত্যা করে মরদেহ লাগেজে ভরে পুকুর পাড়ে ফেলে রাখে। পরে অটোরিকশাটি খুলে বিভিন্ন যন্ত্রাংশ বিক্রির চেষ্টা করা হয়। এ ঘটনায় নাহিদুলসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত জিআই তার, নিহতের মোবাইল ফোন ও অটোরিকশার বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার অন্য ব্যক্তিরা হলেন– সোলাইমান কবির, শফিকুল ইসলাম, আব্দুল কাদের, রাসেল হোসেন ও সাগর মিয়া। তাদের মেলান্দহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তারা মেলান্দহ উপজেলার বাসিন্দা।

এ বিষয়ে ২৪ জুন সন্ধ্যায় জামালপুরের পিবিআই পুলিশ সুপার পংকজ দত্ত নিজ কার্যালয়ে একটি প্রেস ব্রিফিং করেন। সেখানে তিনি বলেন, প্রধান আসামি নাহিদুল ইসলাম ১০ হাজার টাকার প্রয়োজন মিটাতে অটোরিকশাচালক নায়েব আলীকে হত্যা করে। তাকে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের জট খুলে যাবে। মামলার তদন্ত চলমান আছে।

/এসআর/