শিরোনাম

বিশ্বকাপে নতুন ৫ নিয়ম আনলো ফিফা

সিটিজেন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপে নতুন ৫ নিয়ম আনলো ফিফা
২০২৬ ফুটবল বিশ্বকাপ। ছবি: সংগৃহীত

আসন্ন ফুটবল বিশ্বকাপের বাকি দুই মাসের একটু বেশি সময়। ইতিহাসে প্রথমবার ৪৮ দল নিয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত এই বৈশ্বিক টুর্নামেন্ট। ফুটবলের নিয়মে আসছে কিছু পরিবর্তন।

ক্রীড়াভিত্তিক সংবাদসংস্থা ইএসপিএন সকারের প্রতিবেদনে বলা হয়েছে, এবারের বিশ্বকাপ সামনে রেখে ফিফা ৫ নিয়ম পরিবর্তনের ঘোষণা দিয়েছে। পরিবর্তনগুলো কার্যকর হবে বলে মনে করছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

দেখে নেওয়া যাক ফিফার ঘোষিত নতুন ৫ নিয়ম-

নির্ধারিত সময়ের মধ্যে বদলি খেলোয়াড়ের মাঠে প্রবেশ: যেকোনো ম্যাচেই খেলোয়াড় পরিবর্তনের সময় দলগুলো সময় নষ্ট করে। বিশ্বকাপের ম্যাচগুলোতে এমন যেনো না হয়, সে জন্য খেলোয়াড় বদলের নির্দিষ্ট নিয়ম বেঁধে দিয়েছে ফিফা।

পরিবর্তন হওয়া খেলোয়াড়কে সর্বোচ্চ ১০ সেকেন্ডের মধ্যে মাঠ থেকে বেরিয়ে যেতে হবে। এর বেশি সময় নিলে বদলি খেলোয়াড়কে মাঠে প্রবেশের আগে এক মিনিট অপেক্ষা করতে হবে। ওই সময়ে তার দলকে খেলতে হবে ১০ জন নিয়ে।

দ্রুততম সময়ে খেলা শুরুর বাধ্যবাধকতা: গোলকিপারের কাছে বল গেলে এবং থ্রো-ইনেও সময়ক্ষেপণ খুব সাধারণ একটি বিষয়। বিশেষ করে ম্যাচে এগিয়ে থাকা দল প্রায়ই এই কাজটা করে।

বিশ্বকাপে এমন কিছু যাতে না হয়, তাই গোলকিক ও থ্রো-ইন নিতে হবে পাঁচ সেকেন্ডের মধ্যে। এর বেশি সময় নিলে বলের দখল চলে যাবে প্রতিপক্ষের কাছে।

মাঠের বাইরে খেলোয়াড়দের চিকিৎসা: ম্যাচের সময় খেলোয়াড়েরা চোট পেলে প্রাথমিক চিকিৎসা মাঠেই দেওয়া হয়। ফলে খেলা বন্ধ রাখা হয় সেই সময়ে। বিশ্বকাপে অবশ্য এমন কিছুর সুযোগ থাকছে না।

নতুন নিয়মে চোট পাওয়া কোনো খেলোয়াড় চিকিৎসা চাইলে তাকে এক মিনিট মাঠের বাইরে থাকতে হবে। তবে প্রতিপক্ষের কোনো খেলোয়াড় যদি ফাউল করে হলুদ বা লাল কার্ড দেখেন, সে ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।

রেফারির সঙ্গে কথা বলবেন অধিনায়ক: রেফারির দেওয়া কোনো সিদ্ধান্ত বিপক্ষে গেলেই তাকে ঘিরে খেলোয়াড়দের জটলা চলে। এতে সময়ের অপচয় হয়। রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলা বা আপত্তি জানানোর এখতিয়ার থাকবে শুধু অধিনায়কেরই।

ভিএআরের বর্ধিত ক্ষমতা: ক্রমেই ফুটবলে বাড়ছে ভিডিও সহকারী রেফারি বা ভিএআরের ভূমিকা। সেই ধারায় ২০২৬ বিশ্বকাপে দ্বিতীয় হলুদ কার্ড বা লাল কার্ডের সিদ্ধান্তও পর্যালোচনা করা হবে এই প্রযুক্তি দিয়ে।

ফুটবলবোদ্ধাদের মতে, ফিফার এই নতুন নিয়মগুলো কার্যকর হলে খেলায় নাটুকেপনা ও সময় নষ্ট করার প্রবণতা অনেকাংশেই কমে আসবে।

/টিই/