শিরোনাম

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নদের সংবর্ধনা হাতিরঝিলে

নিজস্ব প্রতিবেদক
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নদের সংবর্ধনা হাতিরঝিলে
ছবি: সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলের সাফল্যে ফুটবলপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। এই সাফল্য উদযাপনে রাজধানীর হাতিরঝিলে সংবর্ধনার আয়োজন করেছে বাফুফে।

মালদ্বীপের মালে থেকে রওনা দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তাদের। চ্যাম্পিয়ন দলকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় বাফুফের কর্মকর্তারাও সেখানে থাকবেন।

বিমানবন্দরে ফুল দিয়ে বরণ শেষে ফুটবলারদের নিয়ে যাওয়া হবে হাতিরঝিল এম্ফিথিয়েটারে। সেখানে আলোকোজ্জ্বল পরিবেশে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর আগে বাংলাদেশ নারী দল এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জনের পরও একই স্থানে গভীর রাতে সংবর্ধনা দিয়েছিল বাফুফে।

তবে সেই অনুষ্ঠানে খেলোয়াড়দের কোনো অর্থ পুরস্কার দেওয়া হয়নি, যা নিয়ে সমালোচনা হয়েছিল। সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাফুফে দেড় কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিলেও দেড় বছর পেরিয়ে গেলেও তা এখনো বাস্তবায়ন হয়নি।

এবারও অনূর্ধ্ব-২০ দলের জন্য বাফুফে আনুষ্ঠানিকভাবে কোনো আর্থিক পুরস্কারের ঘোষণা দেয়নি। যদিও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক পুরস্কারের ঘোষণা দিয়েছেন, তবে অর্থের পরিমাণ এখনও জানানো হয়নি।

/এসএ/