শিরোনাম

কেরাণীগঞ্জে লাইটার কারখানায় দগ্ধ ৫ মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
কেরাণীগঞ্জে লাইটার কারখানায় দগ্ধ ৫ মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

ঢাকার কেরাণীগঞ্জের কদমতলী এলাকায় একটি গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের পর পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (৪ এপ্রিল) দুপুরের পর আগুন নিয়ন্ত্রণে এনে এসব মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বিকাল সোয়া ৪টার দিকে জানান, এখন পর্যন্ত পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা নারী না পুরুষ তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। এ বিষয়ে অনুসন্ধান চলছে।

এর আগে দুপুর সোয়া ১টার দিকে কারখানাটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে ইউনিট সংখ্যা বাড়িয়ে সাতটি করা হয়।

ফায়ার সার্ভিস জানায়, প্রায় এক ঘণ্টার চেষ্টায় দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

/এসএ/