শিরোনাম

পটুয়াখালীতে বিশেষ ব্যবস্থায় জেলেরা পাচ্ছেন ডিজেল

নিজস্ব প্রতিবেদক
পটুয়াখালীতে বিশেষ ব্যবস্থায় জেলেরা পাচ্ছেন ডিজেল
কলাপাড়া উপজেলার আলীপুর ফরাজী ট্রেডার্স পাম্প ও বিসমিল্লাহ ফিলিং স্টেশনের মাধ্যমে জেলেদের জ্বালানি তেল বিতরণ করছে প্রশাসন। ছবি: সিটিজেন জার্নাল

পটুয়াখালীর কলাপাড়া উপকূলে সমুদ্রগামী জেলেদের মাছ ধরা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থায় ডিজেল সরবরাহ শুরু করেছে উপজেলা প্রশাসন। দরিদ্র জেলে জনগোষ্ঠীর জীবন-জীবিকার কথা বিবেচনায় জরুরিভাবে অতিরিক্ত ২৭ হাজার লিটার ডিজেল সরবরাহ করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বিকালে উপজেলার আলীপুর ফরাজী ট্রেডার্স পাম্প ও বিসমিল্লাহ ফিলিং স্টেশনের মাধ্যমে এ জ্বালানি তেল বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ছোট, মাঝারি ও বড় ট্রলারের চাহিদা অনুযায়ী ৪০০ থেকে ১,০০০ লিটার পর্যন্ত ডিজেল সরবরাহ করা হচ্ছে। এর মধ্যে আলীপুর ফরাজী ট্রেডার্স পাম্পে ১২ হাজার লিটার এবং বিসমিল্লাহ ফিলিং স্টেশনে ১৫ হাজার লিটার ডিজেল বরাদ্দ দেওয়া হয়েছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ইয়াসীন সাদেক জানান, জ্বালানি সংকট নিরসনে জেলা প্রশাসনের নির্দেশনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে প্রায় ১০০টি ট্রলারের জেলেরা উপকৃত হচ্ছেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

ছবি: সিটিজেন জার্নাল
ছবি: সিটিজেন জার্নাল

তিনি আরও জানান, মহিপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. ফজলু গাজী এবং লতাচাপলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমানের সহযোগিতায় সুষ্ঠুভাবে জ্বালানি বিতরণ নিশ্চিত করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানায়, আগামী ১৫ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞার আগে অন্তত একবার জেলেরা যেন সমুদ্রে যেতে পারেন, সে লক্ষ্যেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে প্রায় ২০০টি ছোট-বড় ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরার সুযোগ পাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বড় ট্রলারগুলোতে ১৬ থেকে ২৫ জন জেলে নিয়ে ১৫–১৬ দিনের জন্য সমুদ্রে যেতে একবারে ৭০০ থেকে ৮০০ লিটার ডিজেল প্রয়োজন হয়। তবে জ্বালানি সংকটের কারণে এ অঞ্চলের প্রায় ২৫০ ট্রলার মালিক ও অন্তত ২০ হাজার জেলে কর্মহীন হয়ে পড়েছিলেন।

মহিপুর ইউনিয়নের চেয়ারম্যান গাজী ফজলু বলেন, জেলেদের জীবন-জীবিকা ও সমুদ্র অর্থনীতির স্বার্থে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা জরুরি। এ উদ্যোগের জন্য তিনি প্রশাসনকে ধন্যবাদ জানান।

মহিপুর মৎস্য বন্দর আড়ত মালিক সমবায় সমিতির সভাপতি রাজু আহমেদ রাজা বলেন, সরকারের এ উদ্যোগ জেলেদের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করবে।

পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী জানান, জেলেদের সমস্যাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও ডিজেল সরবরাহ করা হবে।

/এসএ/