শিরোনাম

ভ্রমণক্লান্তি এড়াতেই গ্রুপসেরা হতে চায় ফ্রান্স

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ভ্রমণক্লান্তি এড়াতেই গ্রুপসেরা হতে চায় ফ্রান্স

প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে ফ্রান্স। নিজেদের প্রথম দুই ম্যাচ থেকে পুরো ৬ পয়েন্ট পেয়েছে নরওয়েও। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় ফ্রান্স শীর্ষে, নরওয়ে দ্বিতীয় স্থানে। বাংলাদেশ সময় আজ (২৬ জুন) রাত ১টায় এই দুই দল মুখোমুখি হচ্ছে গ্রুপসেরা হয়ে শেষ বত্রিশে যাওয়ার জন্য।

ফ্রান্স এ ম্যাচে মাঠে নামছে প্রধান কোচ দিদিয়ের দেশমকে ডাগআউটে ছাড়াই। মা মারা গেছে দেশমের। মায়ের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে দেশে ফিরে গেছেন তিনি। আজকের ম্যাচে ফ্রান্সের ডাগআউটে দাঁড়াচ্ছেন সহকারী কোচ গাই স্টিফেন।

তা ডাগআউটে যিনিই দাঁড়ান, ফ্রান্স মাঠে নামবে গ্রুপসেরা হতেই। সেটা যতটা না পরের রাউন্ডে কঠিন প্রতিপক্ষ এড়াতে, তার চেয়ে বেশি ভ্রমণক্লান্তি এড়ানো আর অন্য কিছু সুযোগ-সুবিধা পেতে।

গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ফ্রান্সকে তাদের বেস ক্যাম্প বোস্টনের কাছাকাছিই থাকতে দেওয়া হবে। কিন্তু রানার্সআপ হলে দলটিকে ডালাস, মায়ামি কিংবা আটালান্টার মতো দূরবর্তী শহরে দীর্ঘ পথ পাড়ি দিয়ে খেলতে হবে। সহকারী কোচ গাই স্টিফেন বলেছেন, ‘গ্রুপে দ্বিতীয় হলে আমাদের ভ্রমণের সময় অনেক বেড়ে যাবে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের আবহাওয়া ও তাপমাত্রার তারতম্যের একটি বড় সমস্যাও আছে। তাই শীর্ষস্থান ধরে রাখাই আমাদের মূল লক্ষ্য।’

কোচ দেশম আজ রাতের মধ্যেই বোস্টনে দলের ক্যাম্পে ফিরবেন। রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার অরেলিয়াঁ চুয়ামেনি বলেছেন, ‘পরিস্থিতি স্বাভাবিক না হলেও আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। কোচ আমাদের একটি মিশন দিয়ে গেছেন। আমাদের মূল লক্ষ্য আজ জিতে তাকে গর্বিত করা।’ তবে আজ চোটের কারণে ফ্রান্স দলে থাকছেন না ডিফেন্ডার উইলিয়াম সালিবা এবং স্ট্রাইকার মার্কাস থুরাম।

/আরএ/