শিরোনাম

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক
ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ। ছবি: সিজেডএন গ্রাফিক্স

ভেনেজুয়েলায় এক মিনিটেরও কম সময়ে শক্তিশালী দুটি ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৬ জুন) এক বার্তায় তিনি বলেন, ভেনেজুয়েলায় আঘাত হানা ভূমিকম্পে বহু মানুষের মর্মান্তিক প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞে আমরা গভীরভাবে শোকাহত।

প্রধানমন্ত্রী বলেন, যেসব পরিবার তাদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের প্রতি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

এই কঠিন সময়ে ভেনেজুয়েলার জনগণের পাশে বাংলাদেশের সংহতি রয়েছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বাংলাদেশ পূর্ণ সমর্থন জানাচ্ছে।

বার্তায় তিনি ভেনেজুয়েলা সরকার ও জনগণের জন্য শক্তি, সহনশীলতা এবং দ্রুত পুনরুদ্ধার কামনা করেছেন।

এর আগে বুধবার (২৪ জুন) স্থানীয় সময় সন্ধ্যায় ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, প্রথম আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.২। এর কেন্দ্র ছিল ইয়ারাকুয়ি অঙ্গরাজ্যের সান ফেলিপে।

এর ৩৯ সেকেন্ড পর আরও শক্তিশালী একটি ভূমিকম্প হয়, যার মাত্রা ছিল ৭.৫। দ্বিতীয় ভূমিকম্পটির কেন্দ্র ভেনেজুয়েলার ইউমারে শহর থেকে প্রায় ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী কার্লোস আলভারাদো রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘দুর্ভাগ্যবশত আমরা প্রায় ২৩৫ জনকে হারিয়েছি। এছাড়া আরও অন্তত ৪ হাজার ৩০০ জন আহত হয়েছেন।’

ইউএসজিএস বলছে, ব্যাপক হতাহত ও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। দ্বিতীয় ও প্রধান ভূমিকম্পের পর ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা ৪৪ শতাংশ।

/জেএইচ/