শিরোনাম

চীন থেকে দেশের পথে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
চীন থেকে দেশের পথে প্রধানমন্ত্রী
সফর শেষে আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) চীনের স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউথার্ন ফ্লাইটে রওনা হয়েছেন তিনি।

বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী জুবাইদা রহমানকে বিদায় জানান চীনের প্রেসিডেন্টের বিশেষ দূত ইউয়ে শিয়াওইয়ং।

প্রধানমন্ত্রী অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এসব তথ্য জানান।

এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান গাড়ি থেকে নেমে লালগালিচায় হেঁটে বিমানে ওঠেন।

এয়ারলাইন্সটির তথ্যানুযায়ী, বেইজিং-ঢাকা রুটে সরাসরি চলাচলকারী চায়না সাউথার্ন ফ্লাইটে সাধারণত পাঁচ ঘণ্টার মতো সময় লাগে। সেই হিসাবে বাংলাদেশ সময় রাত সোয়া ৮টার দিকে প্রধানমন্ত্রীর ঢাকায় পৌঁছানোর কথা।

প্রসঙ্গত, গত রবিবার (২১ জুন) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশটিতে দুইদিনের এক সরকারি সফরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে সোমবার রাতে চীনের দালিয়ানে যান প্রধানমন্ত্রী। এরপর বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দেন তিনি।

দালিয়ান থেকে বুধবার দুপুরে হাই স্পিড (বুলেট ট্রেন) বেইজিং যান প্রধানমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রী লি কিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারেক রহমান। এছাড়া বেইজিংয়ে বিনিয়োগ সম্মেলনেও প্রধানমন্ত্রী অংশ নেন।

/এফআর/