শিরোনাম

হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যু ৭০০ ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যু ৭০০ ছাড়ালো
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

হামের প্রাদুর্ভাবে দেশজুড়ে শিশু মৃত্যুর সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে এ পর্যন্ত হাম ও রোগের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০২ জনে। শুক্রবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ (শুক্রবার) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে আরও ৮৬৯ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। তাদের মধ্যে ৭৮৬ শিশু দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ১০৭ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৯৭ হাজার ৫২২ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা যায়। তাদের মধ্যে মোট ৮১ হাজার ২৮৩ শিশু দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। এসব শিশুর মধ্যে এই রোগের উপসর্গ নিয়ে মোট ৬০৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম আক্রান্ত হয়ে আরও ৯৩ শিশু মারা গেছেন।

এছাড়াও ইতোমধ্যে মোট ৭৭ হাজার ৬১৩ শিশু হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

/এফআর/