শিরোনাম

আর্জেন্টিনা খেলবে যে দুই দেশের বিপক্ষে

সিটিজেন স্পোর্টস ডেস্ক
আর্জেন্টিনা খেলবে যে দুই দেশের বিপক্ষে
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে প্রথমে স্পেনের সঙ্গে ফিনালিস্সিমা এবং কাতারের সঙ্গে প্রীতি ম্যাচ বাতিল হয়েছিল আর্জেন্টিনার। এরপর গুয়াতেমালার বিপক্ষে খেলার সূচি ঠিক করে সেটিও হয়নি। কাছাকাছি সময়ে মধ্য আমেরিকার দেশটির আরেকটি ম্যাচ থাকায় তাদের সঙ্গে খেলতে ফিফার অনুমোদন পায়নি লিওনেল স্কালোনির দল। এবার নতুন করে দুটি প্রতিপক্ষ ঠিক করে আর্জেন্টিনা সূচি ঘোষণা করেছে।

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) পৃথক দুটি বিবৃতিতে জানিয়েছে, বিশ্বকাপের প্রস্তুতিতে এই মার্চ মাসে দুটি আফ্রিকান দেশ মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। দুটি ম্যাচই হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের ঘরের মাঠে।

২০২৬ বিশ্বকাপের আগে স্বাগতিক দর্শকদের কাছ থেকে বিদায় নেওয়ার উপলক্ষ্য বাড়লো আর্জেন্টিনার।

বুয়েন্স আয়ার্সের লা বোম্বোনেরা স্টেডিয়ামে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ ২৭ মার্চ মৌরিতানিয়া এবং ৩১ মার্চ জাম্বিয়া। এর আগে মৌরিতানিয়া মরক্কোর মাঠে ফিলিস্তিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু চলমান সংঘাতের কারণে সেই ম্যাচটি বাতিল করা হয়েছে।

আর্জেন্টিনা তাদের শেষ ম্যাচ খেলেছিল অ্যাঙ্গোলার বিপক্ষে গত নভেম্বরে। আসন্ন দুটি ম্যাচ দিয়ে তাদের টানা তিন খেলাই হতে যাচ্ছে আফ্রিকান দেশের বিপক্ষে।

এর আগে স্পেনের সঙ্গে আর্জেন্টিনার ফিনালিস্সিমা হওয়ার কথা ছিল কাতারে। কিন্তু নিরাপত্তাজনিত কারণে ভেন্যু পরিবর্তনের আলোচনা হলেও, শেষ পর্যন্ত উভয়পক্ষ সমঝোতায় পৌঁছাতে না পারায় ম্যাচ হচ্ছে না। একইসঙ্গে বাতিল হয় কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচটিও।

গুয়াতেমালা ম্যাচটি বাতিলের কারণ, দেশটি এর আগে ইতালির মাঠে গিয়ে আলজেরিয়ার সঙ্গে ম্যাচের সূচি ঠিক করেছিল। কাছাকাছি সময়ে তাদের আর্জেন্টিনা সফরে যাওয়ার বিষয়টি অনুমোদন দেয়নি ফিফা।

গুয়াতেমালা ম্যাচকে কেন্দ্র করে ইতোমধ্যে স্কোয়াডও ঘোষণা করেছিলেন আর্জেন্টিনার কোচ স্কালোনি। একই স্কোয়াড নিয়ে তারা নতুন প্রতিপক্ষের মোকাবিলা করতে পারে।

/টিই/