শিরোনাম

বিশ্বকাপে ইরানের ফুটবল দলকে আশ্রয় দেবে মেক্সিকো

সিটিজেন ডেস্ক
বিশ্বকাপে ইরানের ফুটবল দলকে আশ্রয় দেবে মেক্সিকো
ইরানের ফুটবল দলকে থাকার অনুমতি দিয়েছে মেক্সিকো। ছবি: রয়টার্স।

আগামী ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ইরানের জাতীয় ফুটবল দলকে মেক্সিকোতে অবস্থানের অনুমতি দিয়েছে দেশটির সরকার। যুক্তরাষ্ট্র ইরান দলকে নিজেদের ভূখণ্ডে রাখতে অনাগ্রহ দেখানোয় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম।

তিনি জানান, বিশ্বকাপে ইরানের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দেশটি দলটিকে সেখানে অবস্থানের অনুমতি দিতে চাচ্ছে না। এ পরিস্থিতিতে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা মেক্সিকোর সঙ্গে যোগাযোগ করে সহযোগিতা চেয়েছে।

সোমবার (২৫ মে) নিয়মিত সংবাদ সম্মেলনে ক্লদিয়া শিনবাউম বলেন, ইরান দলকে মেক্সিকোতে থাকার সুযোগ না দেওয়ার কোনো যৌক্তিক কারণ আমরা দেখছি না। তবে এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে হোয়াইট হাউস কিংবা মার্কিন পররাষ্ট্র দপ্তর তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদী তাজ গত শনিবার জানান, বিশ্বকাপ চলাকালে দলের নির্ধারিত বেজক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর সীমান্তবর্তী শহর টিজুয়ানায় নেওয়া হবে।

তিনি বলেন, মূলত ভিসা-সংক্রান্ত জটিলতা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে খেলোয়াড় ও কর্মকর্তারা ইরান এয়ারের ফ্লাইটে সরাসরি মেক্সিকোতে যেতে পারবেন এবং যাতায়াত প্রক্রিয়াও সহজ হবে।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ এবং দলটির অবস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সাম্প্রতিক এই সিদ্ধান্ত সেই জটিলতা কিছুটা কমাতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

/এমআর/