শিরোনাম

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু

সিটিজেন ডেস্ক
হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু
ছবি: সিটিজেন গ্রাফিক্স

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম এবং এর উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি ঘটেছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১১৮ শিশু। বুধবার (২৭ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে সংক্রমণের এ তথ্য পাওয়া গেছে।

সরকারি তথ্য অনুযায়ী, মারা যাওয়া ৫ শিশুর প্রত্যেকেই হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিল, তবে ল্যাব টেস্টে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৫৬০টি শিশু প্রাণ হারাল, যার মধ্যে ৪৭২ জন উপসর্গের কারণে এবং ৮৮ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের মধ্যে ৬২ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে এবং বাকি ১ হাজার ৫৬ জন উপসর্গজনিত রোগী। এ সময়ে ৯৩৩টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হলেও সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ১০৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সামগ্রিক পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৭ মে পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ হাজার ৭৯ জনে, যার মধ্যে ৮ হাজার ৮৩৪ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মোট ৫৩ হাজার ৪৬৩ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে ৪৯ হাজার ৯০৩ জন শিশু।

/এমএকে/