শিরোনাম

‘মেট্রো স্টেশনের নিচে পশুর হাটের ইজারা দেওয়া হয়নি’

নিজস্ব প্রতিবেদক
‘মেট্রো স্টেশনের নিচে পশুর হাটের ইজারা দেওয়া হয়নি’
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মেট্রোরেল স্টেশনের নিচে পশুর হাটের জন্য কোন ইজারা দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বুধবার (২৭ মে) বিকেলে দিয়াবাড়ি পশুর হাট পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এই মেট্রোরেল স্টেশনের নিচে বা আশেপাশের কোনো জায়গা হাটের জন্য ইজারা দেওয়া হয়নি। গত দুইদিন আগে হঠাৎ ভারি বৃষ্টির কারণে কিছু ব্যবসায়ী গরু নিয়ে মেট্রোরেল স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিল। পরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক নিজে এসে রাস্তা থেকে পশু সরিয়ে হাটের নির্ধারিত স্থানে নিয়ে গেছেন।

তিনি বলেন, আমাদের ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক এখানে দায়িত্ব পালন করছেন। তিন দিন আগের একটি ভিডিও ভাইরাল করে সরকারকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। আপনারা সরেজমিনে এসে দেখে যান, পশু কেনাবেচা হাটের ভেতরেই চলছে। রাস্তার ওপর পশু চলে আসায় কিছু জায়গা নোংরা হয়েছিল। তবে আজ সকাল থেকেই পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, এখানে সার্বক্ষণিক সিটি কর্পোরেশনের লোকজন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। মেট্রোর আশেপাশে কোনো পশু কেনাবেচা চলবে না। আমরা সরিয়ে দিয়েছি এবং ভবিষ্যতেও এমন কোনো কর্মকাণ্ড হতে দেওয়া হবে না।

এসময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, যখন বৃষ্টি হয়েছিল তখন কিছু ব্যবসায়ী তাদের গরু নিয়ে মেট্রোরেল স্টেশনের নিচে অবস্থান নিয়েছিল। আমরা সঙ্গে সঙ্গে সরিয়ে দিয়েছি। পরবর্তীতে আবার বসেছে জানতে পেরে রাত দেড়টায় ঘটনাস্থলে এসে ব্যবস্থা নিয়েছি। আজ সকাল থেকেই ক্লিনিং কার্যক্রম চলছে।

তিনি বলেন, এই জায়গা আমরা ইজারা দেইনি। যারা সেখানে কার্যক্রম পরিচালনার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। ইজারাদারদের সাথেও এ বিষয়ে কথা বলা হয়েছে।

/এসবি/