শিরোনাম

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছেনা ‘ডোনাল্ড ট্রাম্প’

সিটিজেন ডেস্ক
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছেনা ‘ডোনাল্ড ট্রাম্প’
কোরবানি হচ্ছেনা আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশজুড়ে তুমুল আলোড়ন সৃষ্টি করা অ্যালবিনো জাতের সেই আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ শেষপর্যন্ত ক্রেতার বাড়ি থেকে আবারও নারায়ণগঞ্জের খামারেই ফেরত যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বিশেষ হস্তক্ষেপে কেরানীগঞ্জের ক্রেতাকে তার পরিশোধিত মূল্য ফেরত দিয়ে মহিষটি খামারে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বুধবার (২৭ মে) স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, মহিষটিকে কেন্দ্র করে তৈরি হওয়া ব্যাপক উন্মাদনা এবং সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতেই মূলত এ পদক্ষেপ নেওয়া হয়েছে। কেরানীগঞ্জের ক্রেতাকে তার পুরো টাকা বুঝিয়ে দিয়ে মহিষটি আগের খামারেই ফিরিয়ে নেওয়া হয়েছে এবং আপাতত সেখানেই সেটিকে লালন-পালন করা হবে।

এর আগে, বিরল অ্যালবিনো জাতের এই মহিষটির চুল ও চোখের গড়ন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ার রাবেয়া এগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই শখের বশে এর নাম রেখেছিলেন ‘ট্রাম্প’। এ অদ্ভুত ও আকর্ষণীয় নামের কারণেই সামাজিক যোগাযোগমাধ্যমে রাতারাতি ভাইরাল হয়ে যায় প্রায় ৭০০ কেজি ওজনের মহিষটি। তবে ভাইরাল হওয়ার আগেই রাজধানীর জিনজিরা এলাকার ক্রেতা সামির প্রতি কেজি ৫৫০ টাকা দরে মহিষটি কিনে নিয়েছিলেন।

এদিকে বিক্রির পর মহিষটিকে একনজর দেখতে ক্রেতার বাড়িতে ভিড় জমায় হাজারো উৎসুক জনতা। শুধু স্থানীয়রাই নন, শিশু, কিশোর ও নারীসহ অনেকে বরিশাল ও কুমিল্লার মতো দূরবর্তী জেলা থেকেও ছুটে আসেন ডোনাল্ড ট্রাম্পকে দেখতে। এমনকি অনেক ক্রেতা মহিষটি কিনতে না পেরে তীব্র হতাশাও প্রকাশ করেন। দেশীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বিপুল সাড়া ফেলে মহিষটি। এএফপি এবং রয়টার্সের মতো বিশ্বখ্যাত সংবাদমাধ্যমগুলোর খবরের শিরোনামেও জায়গা করে নেয় এটি।

/এমএকে/