শিরোনাম

দেশের হয়ে শততম ম্যাচের মাইলফলকের সামনে এমবাপ্পে

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
দেশের হয়ে শততম ম্যাচের মাইলফলকের সামনে এমবাপ্পে
ফরাসি তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। ছবি: দ্য ন্যাশনাল হেরাল্ড

আন্তর্জাতিক ফুটবলে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। 'আই' গ্রুপে শক্তিমত্তার বিচারে পিছিয়ে থাকা ইরাকের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ফ্রান্স। আর এ ম্যাচেই দেশের জার্সিতে নিজের শততম ম্যাচ খেলার গৌরব অর্জন করবেন এই তারকা। স্বাভাবিকভাবেই এ ম্যাচে ফুটবলপ্রেমীদের বাড়তি নজর থাকবে ফরাসি শিবিরের এই কাণ্ডারির ওপর।

ইতোমধ্যেই জাতীয় দলের হয়ে ৯৯ ম্যাচে ৫৮টি গোল করে অলিভিয়ার জিরুকে ছাড়িয়ে ফ্রান্সের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন ২৭ বছর বয়সী এ ফুটবলার। বিশেষ করে ফুটবলের মহামঞ্চে তার পারফরম্যান্স বরাবরের মতোই চোখধাঁধানো। ২০১৮ বিশ্বকাপে ৪টি এবং কাতার বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিকসহ আরও ৮টি গোল যোগ করা এ স্ট্রাইকারের বিশ্বমঞ্চে ১৫ ম্যাচে মোট গোল সংখ্যা এখন ১৪। আর মাত্র দুটি গোল করলেই তিনি লিওনেল মেসি ও মিরোস্লাভ ক্লোসার যৌথভাবে দখলে থাকা টুর্নামেন্ট রেকর্ডের সমকক্ষ হবেন। ফ্রান্সের ফুটবল ইতিহাসে দশম খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার এ কীর্তি গড়তে চলেছেন এমবাপ্পে। ১৪৫ ম্যাচ খেলা সাবেক গোলরক্ষক হুগো লরিসের রেকর্ডের চেয়ে অবশ্য তিনি এখনও কিছুটা পিছিয়ে আছেন।

এ বিশেষ ম্যাচটি নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে এমবাপ্পে জানিয়েছেন, দেশের হয়ে শততম ম্যাচ খেলাটা তার ক্যারিয়ারের অন্যতম সেরা ও গর্বের একটি মাইলফলক হতে যাচ্ছে। নিজের দেশের প্রতিনিধিত্ব করতে পারাটা সবসময়ই আনন্দের এবং একশ সংখ্যাটি তার কাছে অত্যন্ত ঐতিহাসিক।

/এমএকে/