শিরোনাম

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

বরিশাল সংবাদদাতা
বরিশাল সংবাদদাতা
প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল
মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা। ছবি: ভিডিও থেকে নেওয়া

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বরিশালে ঝটিকা মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। সোমবার (২২ জুন) দুপুরে বরিশাল নগরীর বগুড়া রোড এলাকায় হঠাৎ করে একটি মিছিল বের করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

মিছিলটি নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির সমর্থনে বক্তব্য দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলকারীদের হাতে থাকা ব্যানার-ফেস্টুনে বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর ছবি দেখা যায়। অনেকেই মুখে মাস্ক পরে মিছিলে অংশ নেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিছিলকারীরা দ্রুত এলাকা ত্যাগ করেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই অংশগ্রহণকারীরা সরে পড়েন। ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করে সংশ্লিষ্টদের শনাক্তের কাজ চলছে।

বরিশাল জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্তে সিসিটিভি ফুটেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও পর্যালোচনা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/