ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী কারা

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী কারা
ফিলিপ দিয়ালো, জিয়ান্নি ইনফান্তিনো ও কোহজো তাশিমা

ফিফা সভাপতি পদে আবারও নির্বাচিত হতে চান জিয়ান্নি ইনফান্তিনো। ২০২৭ সালের মার্চে হতে যাওয়া নির্বাচনে ইনফান্তিনোর বিপক্ষে লড়বেন জাপানের কোহজো তাশিমা ও ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালো।

বুধবার (১৮ নভেম্বর) ফিফা সভাপতি নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে নির্বাচনে মনোনয়ন পাওয়া তিন প্রার্থীর নাম প্রকাশ করেছে ফিফা। তারা হলেন জিয়ান্নি ইনফান্তিনো, ফিলিপ দিয়ালো ও কোহজো তাশিমা।

আগামী ১৮ মার্চ মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত হবে ফিফার ৭৭তম কংগ্রেস। সেখানেই ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন নতুন সভাপতি।

ফিফার নির্বাচনবিষয়ক কমিটি মনোনয়নগুলো যাচাই করে প্রার্থীদের যোগ্যতা নির্ধারণ করবে। আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে সদস্য দেশগুলোকে জানানো হবে কোন কোন প্রার্থীর মনোনয়ন গ্রহণ করা হয়েছে।

নির্বাচনে ইনফান্তিনোকে চ্যালেঞ্জ জানাতে ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালোকে সমর্থন দিয়েছে উয়েফা। ফুটবলের বিভিন্ন পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে দিয়ালোর। ফ্রান্সের পেশাদার ফুটবল ক্লাবগুলোর প্রতিনিধিত্বকারী সংগঠনের নেতৃত্ব দিয়েছেন তিনি। ফ্রেঞ্চ প্রফেশনাল ফুটবল লিগের বোর্ডেও দায়িত্ব পালন করেছেন।

২০২৩ সালে উয়েফার নির্বাহী কমিটিতে যোগ দেওয়ার আগে ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি হন দিয়ালো।

এদিকে কোহজো তাশিমা ২০১৫ সাল থেকে ফিফা কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ফুটবলার হিসেবে জাপানের জাতীয় দলে খেলেছেন তিনি। পাশাপাশি যুব দলের কোচ হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের এক বিবৃতিতে জানানো হয়েছে, গত ১৭ নভেম্বর ফিফার কাছে পাঠানো চিঠির মাধ্যমে তাশিমাকে সভাপতি পদের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনীত করা হয়।

/টিই/