একই ম্যাচে দুই দলের হয়ে খেললেন আমিনুল

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
একই ম্যাচে দুই দলের হয়ে খেললেন আমিনুল
আবাহনী-মোহামেডানের সাবেক খেলোয়াড় এবং কর্মকর্তাদের সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

আবাহনী-মোহামেডান ম্যাচ মানেই ছিল অন্যরকম উত্তেজনা। গ্যালারিভর্তি দর্শক, মাঠে টানটান লড়াই, দুই দলের সমর্থকদের আবেগ। এখন সেই উত্তাপ অনেকটাই ম্লান হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ধানমন্ডি আবাহনী মাঠে আবারও দেখা মিললো পুরনো দিনের সেই আবহ। উপলক্ষ ছিল মিলনমেলা, স্মৃতিচারণ আর প্রীতি ম্যাচ।

বৃষ্টিভেজা দিনে মাঠে নেমে পুরোনো সতীর্থদের সঙ্গে সময় কাটিয়েছেন দুই দলের সাবেক খেলোয়াড়রা। খেলার মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও বাইরে যে বন্ধুত্ব অটুট ছিল, সেই গল্পও উঠে এসেছে।

এই প্রীতি ম্যাচে খেলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি পেশাদার ক্যারিয়ারে আবাহনী ও মোহামেডান দুই দলের হয়েই খেলেছেন। আজও খেললেন দুই দলে।

মোহামেডানের সাবেক ফুটবলার সৈয়দ রুম্মন বিন ওয়ালি সাব্বিরের কাছে আয়োজনটির বিশেষ তাৎপর্য রয়েছে। ১-১ গোলে ড্র হওয়া প্রীতি ম্যাচটি নিয়ে সাব্বির বলেন, ‘এইটা অনলি ফর হারুন ভাই। হারুন ভাই একজন বর্ষীয়ান অফিসিয়াল ছিলেন। আমরা যারা ইয়াং জেনারেশন, তারা হারুন ভাইকে ওইভাবে পাইনি। আমরা যেমন ইলিয়াস ভাইকে পেয়েছি, কায়সার ভাইকে পেয়েছি এবং সালাউদ্দিন ভাইকে পেয়েছি। হারুন ভাই কী ধরনের অফিসিয়াল ছিলেন, সেটা আমরা জানি। উনি সত্যিকার অর্থে অতি ভদ্র, নম্র এবং চৌকস অফিসিয়াল ছিলেন।’

আবাহনী-মোহামেডানের লড়াইয়ে মাঠের উত্তেজনা কেমন ছিল, সেটিও তুলে ধরেছেন সাব্বির। তিনি বলেন, ‘আমি যখন মাঠে খেলতাম, তখন কোন টিম কী খেলছে, সেটা আমার কাছে বিবেচ্য ছিল না। আমি প্রতিদ্বন্দ্বীকে সবসময় শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবেই ধরতাম।’

সাবেক স্ট্রাইকার ইমতিয়াজ আহমেদ নকিবের কাছেও দিনটি ছিল বিশেষ। ২০০৭ সালে খেলা ছাড়ার পর সাবেকদের এমন আয়োজনে আবারও আবাহনী-মোহামেডানের আবহ ফিরে পেয়েছেন তিনি।

আবাহনীর সাবেক ফুটবলার মেহেদী হাসান উজ্জ্বলের কাছে আবাহনী-মোহামেডান ম্যাচের আবেগ ছিল অন্যরকম। উজ্জ্বল বলেন, ‘অবশ্যই এই অনুভব অন্যরকম। কারণ আমার তো একটাই ক্লাব। আমি একটিমাত্র দলবদল করার পরে শুধুমাত্র আবাহনী লিমিটেডেই খেলি। এই দীর্ঘ জীবনে যত বছরই খেলা হয়েছে, সব ম্যাচের থেকে আপনারাও সবাই জানেন, আমরাও জানি যে টিমের পজিশনের থেকেও বেশি ইমোশন ক্যারি করতো এই ম্যাচটাতে।’

/টিই/