আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে আইনি নোটিশ পাঠালেন মেসি

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে আইনি নোটিশ পাঠালেন মেসি

আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের (এএফএ) সঙ্গে লিওনেল মেসির সম্পর্কের টানাপোড়েন এখন প্রকাশ্যে। নিজের ছবি বিনা অনুমতিতে বাণিজ্যিক প্রচারে ব্যবহার করার অভিযোগে ফেডারেশনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন বিশ্বজয়ী এ অধিনায়ক।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম এ২৪-এর সাংবাদিক নিকোলাস উইনিয়াজকির বরাতে গোল ডটকম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের একটি বিয়ার ব্র্যান্ডের সঙ্গে মেসির একচেটিয়া বাণিজ্যিক চুক্তি রয়েছে। অথচ বিষয়টি না জানিয়েই এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া অন্য একটি মদ প্রস্তুতকারক বা স্পনসর প্রতিষ্ঠানকে মেসির ছবি ব্যবহারের অনুমতি দেন। আর এ ঘটনাটিই মেসি ও ফেডারেশনের সম্পর্কে বড় ধরনের ফাটল ধরায়।

উইনিয়াজকি বলেন, ‘মেসি বিষয়টি জানতেন না। এমন কাজ কে করেছেন? এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া একজন স্পনসরকে মেসির ছবি ব্যবহারের অনুমতি দিয়েছেন, অথচ যুক্তরাষ্ট্রে অন্য একটি বিয়ার ব্র্যান্ডের সঙ্গে তার চুক্তি ছিল।’

বিনা অনুমতিতে ছবি ব্যবহার করে বাণিজ্যিক সুবিধা নেওয়ার এ ঘটনাকে মেসির স্বত্বের সরাসরি লঙ্ঘন হিসেবে দেখছেন তার আইনজীবীরা। এ ঘটনার পর থেকেই এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া এবং কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোর সঙ্গে সব ধরনের ব্যক্তিগত ও বাণিজ্যিক সম্পর্ক চিরতরে ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন এ কিংবদন্তি।

মূলত বিয়ার ব্র্যান্ডের বিজ্ঞাপনে ছবি ব্যবহারের বিতর্কটিই মেসির দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ ঘটিয়েছে। এর আগে ৭ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচটি ঘিরেও জাতীয় দলের আয়োজকদের ওপর দারুণ অসন্তুষ্ট ছিলেন তিনি। ওই ম্যাচে মেসির বিদায়ী আয়োজনটি বেশ জাঁকজমকপূর্ণ করার চেষ্টা হলেও তা চরম বিশৃঙ্খলার রূপ নেয়। ম্যাচের শুরুতে স্পনসর প্রতিষ্ঠানের একটি ড্রোন প্রদর্শনী দর্শকদের তীব্র দুয়োধ্বনির মুখে পড়ে, যা মোটেও ভালোভাবে নেননি মেসি।

এ নিয়ে সাংবাদিক উইনিয়াজকি বলেছেন, আর্জেন্টিনা ও বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকা, সম্ভবত বর্তমান বিশ্বের সবচেয়ে পরিচিত ব্যক্তিটি এমন একটি ম্যাচের মধ্য দিয়ে জাতীয় দলকে বিদায় জানিয়েছেন যেটির আয়োজন ছিল সম্পূর্ণ বিশৃঙ্খল। সবমিলিয়ে, মাঠের বাইরের অব্যবস্থাপনা এবং বাণিজ্যিক চুক্তির বরখেলাপের কারণে এখন এএফএ কর্তৃপক্ষের সঙ্গে মেসির দূরত্ব তৈরি হয়েছে।

/এমএকে/