শিরোনাম

‘ব্রয়লার চিকেন পার্টির’ আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
‘ব্রয়লার চিকেন পার্টির’ আত্মপ্রকাশ
ব্রয়লার চিকেন পার্টির পেজ

এইচএসসি পরীক্ষা স্থগিত না করার সিদ্ধান্ত এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের মন্তব্য ঘিরে চলমান বিতর্কের মধ্যেই ফেসবুকে আত্মপ্রকাশ করেছে ‘ব্রয়লার চিকেন পার্টি’ নামে একটি ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম।

বুধবার (১৫ জুলাই) এই রিপোর্ট লেখা পর্যন্ত নতুন এই পেজটিতে প্রায় ত্রিশ হাজার অনুসারী যুক্ত হয়েছে। ‘আমরা ব্রয়লার প্রজন্ম; আমরা অপমানিত নই, আমরা জাগ্রত’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা পেজ পেজটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

পেজ কর্তৃপক্ষ এক পোস্টে জানিয়েছে, এটিই তাদের একমাত্র অফিসিয়াল পেজ। বিভাগীয় বা জেলা পর্যায়ে তাদের কোনো পৃথক পেজ নেই।

গতকাল পেজ থেকে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তাহমিদ হাসান নামে এক পরীক্ষার্থী বলেন, ‘নতুন বাংলাদেশে এইচএসসি ২০২৬ ব্যাচের সাথে তামাশা করা হয়েছে। তারা চেয়েছিলো দেশের এই দূর্যোগপূর্ণ অবস্থায় পরীক্ষা পেছানো হোক। পরীক্ষা না পিছিয়ে শিক্ষামন্ত্রী বললেন, আমরা ফার্মের মুরগি। মাননীয় শিক্ষামন্ত্রী, বাংলাদেশের এই মেরুদণ্ড ভাঙা শিক্ষাব্যবস্থায় আমিও একজন ভুক্তভোগী, আমি ফার্মের মুরগি।’

‘ফার্মের মুরগি’ বিতর্কের সূত্রপাত হয় টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে। এ নিয়ে সমালোচনার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের একটি ফোনালাপ ছড়িয়ে পড়ে। রাজধানীর সিটি কলেজের এক পরীক্ষার্থীর অভিভাবকের সঙ্গে হোয়াটসঅ্যাপে হওয়া সেই আলাপ অন্য একটি মোবাইল ফোনে ধারণ করা হয়েছিল।

ভাইরাল ভিডিওতে পরীক্ষার্থীদের শারীরিক অবস্থা প্রসঙ্গে মন্ত্রীকে বলতে শোনা যায়, ‘এগুলো তো ফার্মের মুরগি। একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর চলে আসে।’ একই ফোনালাপে তিনি দাবি করেন, ব্যক্তিগতভাবে তিনি পরীক্ষা স্থগিতের পক্ষে থাকলেও জেলা প্রশাসন, শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর মন্তব্যটিকে অপমানজনক উল্লেখ করে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। মঙ্গলবার রাজধানীর সায়েন্সল্যাব, শাহবাগ, উত্তরাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। আন্দোলনে ‘তুমি কে, আমি কে; ফার্মের মুরগি, ফার্মের মুরগি,’ স্লোগানের পাশাপাশি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও ওঠে। পরে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও বরিশালসহ বিভিন্ন স্থানেও একই দাবিতে কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

এদিকে নবগঠিত ‘ব্রয়লার চিকেন পার্টি’ পেজে শিক্ষার্থীদের আন্দোলনের ছবি, ভিডিও, কর্মসূচির আপডেট, ব্যঙ্গাত্মক পোস্ট এবং বিভিন্ন হ্যাশট্যাগভিত্তিক কনটেন্ট প্রকাশ করা হচ্ছে। পেজটির প্রোফাইল ছবি প্রকাশের পরই সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, এর আগে ভারতে দেশটির প্রধান বিচারপতির একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) নামে একটি ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটেছিল। সেটার আদলেই বাংলাদেশে নতুন এই প্ল্যাটফর্মটির আত্মপ্রকাশ ঘটেছে।

/জেএইচ/