শিরোনাম

আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা

সিটিজেন স্পোর্টস ডেস্ক
আল হিলাল এশিয়ার রিয়াল মাদ্রিদ: বেনজেমা
করিম বেনজেমা। ছবি: সংগৃহীত

আগের ক্লাবের সঙ্গে চুক্তি নিয়ে বনিবনা না হওয়ায় নতুন ঠিকানা বেছে নিয়েছেন করিম বেনজেমা। তিনি যোগ দিয়েছেন সৌদি আরবের সফলতম ক্লাব আল হিলালে। নতুন পরিচয়ে মাঠে নামার আগে দলকে ইউরোপের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে তুলনা করেছেন ফরাসি তারকা।

২০২৩ সালের জুনে আল ইত্তিহাদে যোগ দেন বেনজেমা। গত মৌসুমে দলটির হয়ে সৌদি প্রো লিগসহ ডাবল জয় করেন তিনি। কিন্তু চুক্তির মেয়াদ বাড়ানোর শর্তে দুই পক্ষের সমঝোতা না হওয়ায়, গত সোমবার আল হিলালে যোগ দেন ২০২২ সালের ব্যালন ডি’অর জয়ী বেনজেমা।

সৌদি আরবের সফলতম ক্লাবে যোগ দেওয়ার পর, ক্লাবের ওয়েবসাইটে প্রথমবার নিজের অনুভূতি জানিয়ে বেনজেমা বলেন, ‘এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। সতীর্থদের ও কোচের সঙ্গে প্রথম অনুশীলনের পর, আমি খুব খুশি এই দলের অংশ হতে পেরে। তারা অনেক ট্রফি জিতেছে।’

সৌদি আরবে পাড়ি জমানোর আগে ক্যারিয়ারের অধিকাংশ সময় রেয়াল মাদ্রিদে কাটান বেনজেমা। সেখানে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগার রেকর্ড চ্যাম্পিয়নদের হয়ে ১৪ বছরে ২৫টি ট্রফি জেতেন বেনজেমা।

আল হিলালও এখানকার রেকর্ড চ্যাম্পিয়ন, ২১টি লিগ শিরোপা ও চারটি এশিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছে তারা।

বেনজেমা বলেন, ‘(আল হিলালে) অনেকটা একইরকম, যেন এশিয়ার রেয়াল মাদ্রিদ। সবকিছুই ভালো, সমর্থকরা দারুণ, দলটি খেলে ভালো, তাদের দারুণ সব খেলোয়াড় আছে, দলের মানসিকতাও দারুণ। আগে থেকেই এই দলকে আমার ভালো লাগে। মাদ্রিদের হয়ে এই দলের বিপক্ষে খেলেছি এবং সেই ম্যাচ সহজ ছিল না। বেশ ভালো ম্যাচ হয়েছিল, (ওই ম্যাচ ঘিরে) আমার স্মৃতিও বেশ ভালো। আজ আমি খুশি, কারণ আজ আমি আল হিলালের খেলোয়াড়।’

নতুন দলে যোগ দিয়ে ক্লাবকে আরও শিরোপা জেতানোর প্রতিশ্রুতি দিলেন ৩৮ বছর বয়সী তারকা।

লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে এবার ১৯ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল হিলাল। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাস্‌র।

/টিই/