শিরোনাম

৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের ফুটবলার মাদিবো

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের ফুটবলার মাদিবো
মাদিবোর এই ট্যাকলে পা ভেঙে যায় কোনের। ছবি: এনডিটিভি

ভয়াবহ ট্যাকলের শিকার হয়ে দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন কানাডার মিডফিল্ডার ইসমায়েল কোনে। এ ট্যাকলের অপরাধে পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন কাতারের ফুটবলার আসিম মাদিবো। বৃহস্পতিবার (১৮ জুন) কানাডা ও কাতারের মধ্যকার ম্যাচে মাদিবোর একটি বিতর্কিত ফাউলে কোনের পা ভেঙে যায়, যা কানাডার ৬-০ ব্যবধানে জয়ের ম্যাচটিতে চরম এক বিষাদের ছায়া ফেলে।

ম্যাচের ৫১তম মিনিটে পেছন থেকে আসা মাদিবোর এক মারাত্মক ট্যাকলে মাঠে লুটিয়ে পড়েন কোনে। তাৎক্ষণিকভাবে মেডিকেল টিম মাঠে প্রবেশ করে স্ট্রেচারে করে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকদের পরীক্ষার পর জানা যায়, কানাডিয়ান এ তারকার ডান পায়ের টিবিয়া ও ফিবুলা হাড় ভেঙে গেছে, যার কারণে জরুরি ভিত্তিতে তার পায়ে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়।

ম্যাচের ওই মুহূর্তেই রেফারি সরাসরি লাল কার্ড দেখিয়ে মাদিবোকে মাঠ থেকে বের করে দিয়েছিলেন। পরবর্তীতে ফিফার শৃঙ্খলা কমিটি পুরো ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে গুরুতর ফাউল খেলার দায়ে কাতারি এ ফুটবলারকে পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ ঘোষণা করে। অবশ্য অনাকাঙ্ক্ষিত এ ঘটনার পর ব্যক্তিগতভাবে কোনের কাছে গিয়ে দুঃখ প্রকাশ করেছেন মাদিবো। সফল অস্ত্রোপচার শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় কোনে তার এ কঠিন সময়ে পাশে থাকার জন্য সমর্থক ও সতীর্থদের আন্তরিক ধন্যবাদ জানান। তবে চিকিৎসকদের মতে, এ গুরুতর চোটের ধকল কাটিয়ে উঠতে কোনের বেশ কয়েক মাস সময় লাগবে। ফলে বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে তার অংশ নেওয়া নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। এটি কানাডা শিবিরের জন্য বড় এক ধাক্কা।

/এমএকে/