শিরোনাম

১৫ হাজার ২৯০ কোটি রুপিতে রাজস্থান রয়্যালসের মালিকানা বদল

সিটিজেন স্পোর্টস ডেস্ক
১৫ হাজার ২৯০ কোটি রুপিতে রাজস্থান রয়্যালসের মালিকানা বদল
২০০৮ সালে চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস দল। ছবি: সংগৃহীত

আইপিএল শুরুর সময় অর্থাৎ ২০০৮ সালে সবচেয়ে কম মূল্যের ফ্র্যাঞ্চাইজি ছিল রাজস্থান রয়্যালস। প্রথম আসরেই শিরোপা জেতা দলটি পরে আর এই ট্রফি নিজেদের করে নিতে পারেনি। তবে সময়ের সঙ্গে তাদের ব্র্যান্ড মূল্য আকাশ ছুঁয়েছে। এবার ১৬৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলারে বিক্রি হেয়ছে ফ্র্যাঞ্চাইজিটি, ভারতীয় মুদ্রায় যা ১৫ হাজার ২৯০ কোটি রুপি প্রায়।

যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রযুক্তি উদ্যোক্তা কাল সোমানির নেতৃত্বে একটি কনসোর্টিয়াম কিনে নিয়েছে এই ফ্র্যাঞ্চাইজিটি। ভারত থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হওয়া সোমানি আগে থেকেই এই ফ্র্যাঞ্চাইজিতে বিনিয়োগকারীদের একজন।

ইএসপিএনক্রিকইনফোর খবর, আরও দুজনের সঙ্গে মিলে সোনামি রাজস্থানের সম্পূর্ণ মালিকানা গ্রহণ করেছেন।

এর আগে গত আসরের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিকানা বদল হয়েছে ১৭৮ কোটি মার্কিন ডলারে, ভারতীয় মুদ্রায় যা ১৬ হাজার ৬৬০ কোটি রুপি প্রায়। আইপিএল শুরুর সময় দ্বিতীয় সর্বোচ্চ দামি ফ্র্যাঞ্চাইজি ছিল বেঙ্গালুরু, মূল্য ছিল ১১ কোটি ১৬ লাখ মার্কিন ডলার।

আইপিএল শুরুর সময় এক মার্কিন ডলারের সমমান ছিল ৪০ ভারতীয় রুপি, বর্তমানে তা ৯৪ ভারতীয় রুপি।

২০০৮ সালে সবচেয়ে কম মূল্যায়িত ফ্র্যাঞ্চাইজি হলে প্রয়াত শেন ওয়ার্নের জাদুকরি নেতৃত্বে রাজস্থান চ্যাম্পিয়ন হয়েছিল। প্রথম ফ্র্যাঞ্চাইজি হিসেবে তারা নিজেদের অংশীদারিত্ব বিক্রি করে ২০০৯ সালে। বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রা ফ্র্যাঞ্চাইজিটির ১১.৭ শতাংশ অংশীদারিত্ব কিনে নেন। পরে অবশ্য তারা সরে দাঁড়ান। এরপর সময়ের সঙ্গে সঙ্গে আরও বিনিয়োগকারী যুক্ত হন দলটির সঙ্গে।

মালিকানা বদলের এই প্রক্রিয়া অবশ্য রাজস্থান রয়্যালসের মাঠের পথচলায় কোনো প্রভাব ফেলবে না। আগামী সোমবার (৩০ মার্চ) চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের আইপিএল অভিযান শুরু হবে।

/টিই/