শিরোনাম

পদ্মায় বাসডুবি: মৃতের সংখ্যা বেড়ে ২৬

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
পদ্মায় বাসডুবি: মৃতের সংখ্যা বেড়ে ২৬
পদ্মায় বাসডুবির ঘটনায় আরও তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ছবি: সিটিজেন জার্নাল

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে রাজবাড়ী ফায়ার সার্ভিস এ তথ্য নিশ্চিত করে। এর আগে ভোররাত পর্যন্ত ২৩টি মরদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস জানায়, সকালে পৃথক সময়ে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের মধ্যে আছেন উজ্জ্বল খান (৩০), আশরাফুল (৩৫) ও মো. জাহাঙ্গীর (৫৫)। তাঁদের সবার বাড়ি রাজবাড়ীর কালুখালি উপজেলায়।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, উদ্ধার হওয়া ২৬টি মরদেহের মধ্যে ২৩টি ইতিমধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি তিনটি মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বাস দুর্ঘটনা
ছবি: সিটিজেন জার্নাল

উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের ডুবুরিরা কাজ করছেন। কোস্টগার্ড, নৌ পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরাও এতে অংশ নিয়েছেন।

ঘটনার পর পদ্মা নদীর তীরে স্বজনদের ভিড় বাড়ছে। নিখোঁজদের খোঁজে তাদের আহাজারিতে এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে।

ঘাট-সংশ্লিষ্টরা জানান, বুধবার (২৫ মার্চ) বিকালে একটি ছোট ফেরির ধাক্কায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।

/এসএ/