শিরোনাম

হরমুজ প্রণালিতে টোল আদায়ে আইন করছে ইরান

সিটিজেন ডেস্ক
হরমুজ প্রণালিতে টোল আদায়ে আইন করছে ইরান
হরমুজ প্রণালিতে জাহাজ। ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল আরোপ করতে আইন প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির সংসদ এ বিষয়ে একটি খসড়া আইন তৈরির উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা তাসনিম ও ফার্স নিউজ।

প্রতিবেদনে বলা হয়, সংসদের সিভিল অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান জানিয়েছেন, জাহাজ চলাচলে ফি আদায়ের লক্ষ্যে একটি খসড়া আইন ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং শিগগিরই তা আইনগত পর্যালোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে।

প্রস্তাব অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে ইরান টোল আদায় করবে। সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, ‘এটি সম্পূর্ণ স্বাভাবিক বিষয়। অন্যান্য করিডোরের মতোই কোনো দেশের ভেতর দিয়ে পণ্য পরিবহন করলে শুল্ক দিতে হয়। হরমুজ প্রণালিও একটি করিডোর। এখানে নিরাপত্তা আমরা নিশ্চিত করি, তাই জাহাজ ও তেল ট্যাঙ্কারগুলোর ফি দেওয়া স্বাভাবিক।’

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে সাধারণত বৈশ্বিক তেল ও গ্যাসের বড় অংশ পরিবহন হয়। চলমান সংঘাতের কারণে ইতোমধ্যে এই পথ দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ রয়েছে।

এদিকে চলমান যুদ্ধ বন্ধে ৫ দফা শর্ত দিয়েছে ইরান। সেখানে হরমুজ প্রণালির ওপর নিজেদের কর্তৃত্বের আন্তর্জাতিক স্বীকৃতি চাচ্ছে তেহরান।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/