শিরোনাম

অস্ট্রেলিয়ার পর লঙ্কা বধে গ্রুপসেরা জিম্বাবুয়ে

সিটিজেন স্পোর্টস ডেস্ক
অস্ট্রেলিয়ার পর লঙ্কা বধে গ্রুপসেরা জিম্বাবুয়ে
সিকান্দার রাজা ২৬ বলে ৪৫ রানের ইনিংসে ম্যাচসেরা হন। ছবি: ক্রিকইনফো

টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে জিম্বাবুয়ে হারিয়েছে শ্রীলঙ্কাকে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে লঙ্কানরা তোলে ১৭৮ রান। জবাবে ১৯.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আফ্রিকা মহাদেশের দলটি। এই জয়ে গ্রুপসেরা হয়ে সুপার এইটে পা রাখলো অপরাজিত জিম্বাবুয়ে।

এর আগে এবারের আসরের অন্যতম হট ফেভারিট সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করেছিল জিম্বাবুয়ে।

জয়ের জন্য শেষ ৫ বলে প্রয়োজন ছিল মাত্র ২ রান। দ্বিতীয় বলে সিঙ্গেল রান নিয়ে প্রান্ত বদল করেন মুনিয়াঙ্গা। তৃতীয় বলে বাউন্ডারি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন ওপেনার ব্রায়ান বেনেট। তিনি ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ৪৮ বলে ৮ বাউন্ডারিতে ৬৩ রান করে দলের জয় নিশ্চিত করেন।

তার আগে উড়ন্ত সূচনা পায় জিম্বাবুয়ে। ৮.৩ ওভার তথা ৫১ বলে ৬৯ রানের জুটি গড়ে দলের জয়ে ভীত গড়ে দেন ব্রায়ান বেনেট ও তাদিওয়ানাশে মারুমানি। এছাড়া ২৬ বলে ৪৫ রান করেন সিকান্দার রাজা। রাজার ইনিংসে ছিল ২ চার ও ৪ ছক্কা। ৫ চার ও ১ ছক্কায় ২৬ বলে ৩৪ রান করেন মারুমানি। রায়ান বার্ল ১২ বলে করেন ২৩ রান।

তার আগে শ্রীলঙ্কার ইনিংসে ৪১ বলে ৮ বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৬২ রান করেন ওপেনার পাথুম নিশাঙ্কা। আরেক ওপেনার কুশাল পেরেরা ফেরেন ২২ রানে। এছাড়া ২৫ বলে ৩ চার আর ২ ছক্কায় ৪৪ রান করেন প্রভিন রত্নায়েকে।

'বি' গ্রুপে ৪ ম্যাচ থেকে ৩ জয় পায় জিম্বাবুয়ে। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় তারা পায় ১ পয়েন্ট। অর্থাৎ অপরাজিত থেকে ৭ পয়েন্টে গ্রুপসেরা হয়েছে জিম্বাবুয়ে। ৪ ম্যাচ থেকে ৩ জয়ে ৬ পয়েন্টে দুইয়ে শ্রীলঙ্কা। সমান ম্যাচে আয়ারল্যান্ডের পয়েন্ট ৩। তিনটি করে ম্যাচ খেলে অস্ট্রেলিয়ার পয়েন্ট ২, ওমান কোনো পয়েন্ট পায়নি।

/টিই/